হত্যা মামলায় গাজীপুর থেকে পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 November, 2026, 6:23 PM
হত্যা মামলায় গাজীপুর থেকে পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার
হত্যা মামলায় পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।
এর আগে গত সোমবার গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)-এর ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও সাম্প্রতিক নাশকতার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব ঘটনায় আরও কয়েকজন কর্মকর্তার নাম সামনে এসেছে বলেও সূত্রগুলো জানিয়েছে।