ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রোগীর চিকিৎসা করেন ঊষা, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 November, 2026, 6:21 PM

রোগীর চিকিৎসা করেন ঊষা, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক

রোগীর চিকিৎসা করেন ঊষা, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক

যশোরের দড়াটানা সেতুর নিচে নদজুড়ে কচুরিপানার সবুজ আস্তরণ। ফাঁকে ফাঁকে যতটুকু পানি দেখা যায়, তার রং কালো। শহরের মানুষের চোখেও দৃশ্যটি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কয়েক দিনের ছুটিতে যশোরে গিয়ে এই দৃশ্য দেখে অস্বস্তি হলো শেখ সাদিয়া মনোয়ারা ঊষার। মনে হলো, কিছু একটা করা দরকার। গত ৫ নভেম্বর ফেসবুকে কচুরিপানায় ঢেকে যাওয়া ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগের কথা জানিয়ে সবার পরামর্শ চাইলেন তিনি।

সেই আহ্বান থেকেই শুরু হলো যশোর শহরের প্রাণকেন্দ্রে ভৈরব নদ পরিষ্কারের অভিযান। বাঁশ, দড়ি আর আংটা নিয়ে পানিতে নেমে পড়লেন শেখ সাদিয়া। সঙ্গে যুক্ত হলেন একে একে আরও অনেকে। কয়েক দিনের চেষ্টায় নদটির একটি অংশ থেকে সরানো হলো কচুরিপানা। দৃশ্যমান হলো পানির কিছুটা অংশ। আর এই উদ্যোগের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এল যশোরের একসময়ের গৌরব ভৈরব নদ।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার শেখ সাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা যশোর শহরে। ছোটবেলায় তিনি ভৈরব নদকে বয়ে চলতে দেখেছেন। এখনো তাঁর পরিবারের ভাড়া বাসা এই নদের পাড়ে। গত বছর ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন বিসিএস ক্যাডারের এই চিকিৎসক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন ‘ভৈরবকন্যা’ ও ‘যশোরকন্যা’ নামে।

শহরের প্রাণকেন্দ্রে ৮০০ মিটারের অভিযান
যশোর থেকে ঢাকায় ফিরে ২৩ নভেম্বর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে নিজের উদ্যোগের কথা বলেন শেখ সাদিয়া। তাঁর ভাষায়, এটি ছিল ‘কচুরিপানা তুলাধোনা’ কার্যক্রম।

শেখ সাদিয়া বলেন, শহরের মধ্যে থাকা একটি নদ মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অথচ নদটি নিয়ে মানুষের মধ্যে একধরনের উপেক্ষা তৈরি হয়েছে। ব্যক্তি পর্যায় থেকে কিছু করা যায় কি না, মানুষকে একটু নাড়া দেওয়া যায় কি না—এসব ভাবনা থেকেই তিনি কাজটি শুরু করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার শেখ সাদিয়ার জন্ম ও বেড়ে ওঠা যশোর শহরে। ছোটবেলায় তিনি ভৈরব নদকে বয়ে চলতে দেখেছেন। এখনো তাঁর পরিবারের ভাড়া বাসা এই নদের পাড়ে। গত বছর ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন বিসিএস ক্যাডারের এই চিকিৎসক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন ‘ভৈরবকন্যা’ ও ‘যশোরকন্যা’ নামে।

শেখ সাদিয়া আরও বলেন, ৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দড়াটানা সেতু থেকে কাঠের পুল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রের প্রায় ৮০০ মিটার বা তার কিছু বেশি অংশ থেকে কচুরিপানা সরানো হয়েছে। নদ থেকে তোলা কচুরিপানা পাশের মাটিতে ফেলা হয়েছে। জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ। এর এক পাশে বাজার, অন্য পাশে হাসপাতাল। সেখানে একটি কসাইখানাও আছে। বাজারের বর্জ্য, হাসপাতালের চিকিৎসাবর্জ্যসহ নানা ধরনের বর্জ্য নদে ফেলা হয়েছে।

যশোরের চৌগাছার তাহেরপুর থেকে খুলনার রূপসা পর্যন্ত ভৈরব নদের দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার। নদটি পুনঃখনন করা হলেও শহরাংশে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দড়াটানা ও কাঠের পুলের মতো কয়েকটি সেতু নদের প্রস্থের তুলনায় সরু হওয়ায় পানির প্রবাহে সমস্যা তৈরি হচ্ছে।

শেখ সাদিয়ার মতে, বাঁশ, আংটা ও দড়ি হাতে নিয়ে কচুরিপানা তোলা আধুনিক সময়ে খুব বড় কোনো কাজ নয়। এটি মূলত প্রতীকী উদ্যোগ। তবে এই কাজের মধ্য দিয়ে নদ নিয়ে মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

সাদিয়া বলেন, ‘আবেগ ও ভালোবাসা থেকে কাজটি করেছি। এর মাধ্যমে নদী নিয়ে মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। মানুষের বিবেককে একটু হলেও নাড়া দেওয়া সম্ভব হয়েছে। ভৈরব যে যশোরের গৌরব, সেটি নিয়ে এখন মানুষ ভাবছে। খুব দ্রুত হয়তো একটি ভালো পরিকল্পনা সামনে আসবে।’

ভৈরবের বাকি অংশও পরিষ্কারের জন্য যশোরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ সাদিয়া। তবে তাঁর মতে, এ কাজের জন্য সঠিক পরিকল্পনা ও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন।

পরিবারের সমর্থন, নদের বুকে চাঁদ
শেখ সাদিয়ার বাবা শেখ আবদুস সামাদ ব্যবসায়ী, মা রওনাক রায়হানা গৃহিণী। তাঁর ভাই শেখ এজাজুল মুমীত সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত। বোন শেখ সামিয়া ইমরানা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ছেন।

শেখ সাদিয়া জানান, নদ পরিষ্কারের এই উদ্যোগে শুরু থেকেই পরিবারের সমর্থন পেয়েছেন। তাঁর কাজের প্রতি পরিবারের সদস্যদের ভরসা ছিল বলেই তিনি এগিয়ে যেতে পেরেছেন।

ফেসবুকে পোস্ট দেওয়ার পর প্রথমে নিজের বাসার পাশের এক হাত পরিমাণ জায়গা থেকে কচুরিপানা সরিয়েছিলেন তিনি। ওইটুকু পানির ওপর আকাশের মেঘের ছায়া পড়তে দেখেন। তখন তাঁর মনে হয়েছিল, পুরো নদ পরিষ্কার হলে আকাশের প্রতিবিম্ব পানিতে দেখা যাবে। দৃশ্যটি নিশ্চয়ই সুন্দর হবে।

অবশেষে ২২ নভেম্বর সেই নদেই চাঁদ দেখেছেন শেখ সাদিয়া। দীর্ঘদিন কচুরিপানায় ঢাকা পানির ওপর চাঁদের আলো পড়ার মুহূর্তটি তাঁর কাছে বিশেষ হয়ে আছে।

এই চিকিৎসক বলেন, ‘সারা দিন পরিশ্রম করে আমরা সবাই ঘামে ও পানিতে ভিজে ছিলাম। নৌকা ভেজা, বাঁশ ভেজা, আমাদের হাত-পা কাটা। এমন অবস্থায় নদীর ওপর চাঁদের আলো পড়ছিল। মনে হচ্ছিল, আমাদের সব আনন্দ নিয়ে চাঁদের আলো নদীতে মিশে যাচ্ছে।’

চিকিৎসকের চোখে নদের ক্ষত
চিকিৎসক হিসেবে নদ পরিষ্কারের উদ্যোগ নেওয়ার পেছনে নিজের পেশাগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শেখ সাদিয়া। তাঁর কাছে ভৈরব নদের অবস্থাকে মনে হয়েছে একটি ক্ষত বা সংক্রমণের মতো।

সাদিয়া বলেন, ‘আমি চিকিৎসক হিসেবে একটি ক্ষত বা সংক্রমণ দেখলে প্রথমে রক্তপাত বন্ধ করার চেষ্টা করি। পরে ক্ষত পরিষ্কার করি। এরপর সংক্রমণের উৎস খুঁজে সেটি বন্ধ করার চেষ্টা করি। ভৈরব নদের ক্ষেত্রেও আমার মনে হয়েছে, প্রথমে কচুরিপানা সরিয়ে এটিকে মানুষের সামনে দৃশ্যমান করতে হবে।’

নদটির নিজস্ব রং থাকা উচিত বলে মনে করেন শেখ সাদিয়া। সেখানে পানির প্রবাহ, স্রোত ও জোয়ার-ভাটা থাকা প্রয়োজন। মানুষ যেন বুঝতে পারে, এটি একটি নদ।

চিকিৎসাবিজ্ঞানের অভিজ্ঞতা থেকে পরিবেশের গুরুত্বও ব্যাখ্যা করেন তিনি। বলেন, হাসপাতালে কোনো জীবাণু বা সংক্রমণের জন্য রোগীকে একের পর এক অ্যান্টিবায়োটিক দিতে হয়। কিন্তু একসময় জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে। তাই রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের দিকেও গুরুত্ব দিতে হবে।

শেখ সাদিয়ার মতে, এই প্রতিরোধের জায়গা থেকে ফুল, পাখি, নদী ও পরিবেশ নিয়ে কাজ করা জরুরি। কারণ, পরিবেশ ভালো না থাকলে শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে না।

স্বেচ্ছাসেবীদের পাশে পেয়ে এগিয়েছে অভিযান
শুরুতে নদ পরিষ্কারের কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাব ছিল। পরে সাধারণ মানুষের পাশাপাশি ‘উই আর বাংলাদেশ’ ও ‘বিডি ক্লিন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হন। তাঁদের দক্ষতা ও সহযোগিতায় কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়।

শেখ সাদিয়া বলেন, ‘যাঁরা কচুরিপানা পরিষ্কার করেছেন বা নদ পরিষ্কারে সহায়তা করেছেন, তাঁরা আসলে আমার সঙ্গে নয়, ভৈরবের সঙ্গে থেকেছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেকে তাঁর কাজের ছবি ও ভিডিও দেখে নিজেরাও এমন উদ্যোগ নিচ্ছেন। তবে এ ক্ষেত্রে সতর্ক করেছেন শেখ সাদিয়া। তাঁর সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবীদের এ ধরনের কাজে ঝুঁকি নেওয়ার অভিজ্ঞতা থাকলেও সাধারণ মানুষের জন্য তা নিরাপদ নয় বলে মনে করেন তিনি।

শেখ সাদিয়া বলেন, জীবনের ঝুঁকি নিয়েই তিনি পানিতে নেমেছিলেন। কিন্তু যাঁরা কখনো এ ধরনের কাজ করেননি, তাঁদের এমন ঝুঁকি নেওয়া উচিত নয়।

সমালোচনা, হুমকি, তবু থামেননি
নদ পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে। কেউ কেউ বলেছেন, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্যই তিনি এমন কাজ করছেন।

জবাবে শেখ সাদিয়া বলেন, ‘ফেসবুকে নিজের সৃজনশীল কাজ, ভ্রমণকাহিনি, ভালো লাগার মুহূর্ত, মায়ের সঙ্গে কাটানো সময়, ফটোগ্রাফি অথবা চিকিৎসাবিষয়ক লেখালেখিও শেয়ার করতাম। ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কোনো কাজ করার তাগিদ আমার কখনো ছিল না।’

সাদিয়ার মতে, নদীর পাড়ে দাঁড়িয়ে কাজের সমালোচনা করা সহজ। কিন্তু পানিতে এক পা নামালেই বোঝা যায়, কাজটি কত কঠিন। অনলাইনে সমালোচনার পাশাপাশি কয়েকজন ফোন করে হুমকি দেওয়ার মতো করে কথা বলেছেন।

তবে এসব তাঁকে দমাতে পারেনি। শেখ সাদিয়া বলেন, বড় কাজ করতে গেলে ছোটখাটো ভয় বা সমালোচনাকে গুরুত্ব দিলে এগোনো যায় না।

এই উদ্যোগে অর্থের লেনদেন নিয়েও শুরু থেকেই সতর্ক ছিলেন তিনি। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক লাখ টাকা দিতে চাইলে তা ফিরিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে শেখ সাদিয়া বলেন, ‘কাজটি যেহেতু শুরু থেকেই ব্যক্তিগত উদ্যোগে করছিলাম, তাই একটি বিষয়ে আমি প্রথম থেকেই অটল ছিলাম। আমরা নিজেরা কোনো বড় তহবিল বা অর্থ লেনদেনের দায়িত্ব নেব না। কেউ সহযোগিতা করতে চাইলে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দিতে পারেন, খাবার দিতে পারেন কিংবা লোকবল দিয়ে সহযোগিতা করতে পারেন। কিন্তু আমাদের হাতে সরাসরি টাকা না দেওয়ার অনুরোধ করেছি। প্রতিমন্ত্রীকেও খোলা চিঠিতে তা জানিয়েছিলাম।’

নদের পাড়ে জমে থাকা কচুরিপানা সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসনের সহযোগিতা পাওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। শেখ সাদিয়া জানান, প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন সময় কাজটি পরিদর্শনে এসেছেন বলে শুনেছেন। তবে তাঁদের সঙ্গে সরাসরি দেখা হয়নি। জেলা প্রশাসক জানিয়েছিলেন, পৌরসভা থেকে প্রতিদিন দুটি ট্রাকে কচুরিপানা সরিয়ে নেওয়া হবে। কিন্তু বাস্তবে এমন কিছু তিনি দেখেননি। সংশ্লিষ্ট কারও সঙ্গে সরাসরি যোগাযোগও হয়নি।

ভৈরব নদ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শেখ সাদিয়া বলেন, ‘যেদিন সবাই বলবেন, আর কাজ করব না, সেদিনও আমি নিজের মতো করে ভৈরব নিয়ে ভাবব।’

নদের পানিতে আবার যেন আকাশের প্রতিবিম্ব পড়ে, চাঁদের আলো ঝিলমিল করে-এমন দৃশ্য দেখতে চান তিনি। সেই সঙ্গে তাঁর আহ্বান, ভৈরব নদে আর কেউ যেন ময়লা না ফেলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status