এবারও বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর হংকং, সস্তা হয়েছে ব্যাংকক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 1:29 PM
এবারও বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর হংকং, সস্তা হয়েছে ব্যাংকক
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষ অবস্থান ধরে রেখেছে হংকং। এরপরেই রয়েছে জামার্নির জুরিখ ও ফ্রান্সের প্যারিস। তবে, পতন হয়েছে সিঙ্গাপুর ও জাপানের ওসাকা'র।
জীবন-যাপনে খরচের হিসাবের ভিত্তিতে তৈরি করা লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এই তথ্য জানানো হয়েছে।
গত বছর হংকংয়ের সঙ্গে যৌথভাবে ব্যয়বহুল শহরের শীর্ষে ছিল সিঙ্গাপুর ও ওসাকা শহর।
দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের করা ওই বার্ষিক জরিপে বলা হয়েছে, সিঙ্গাপুরে জীবন যাপনের ব্যয় কমেছে। কারণ দেশটিতে পণ্যের দরপতন হয়েছে। এই দরপতনের ব্যাখ্যায় বলা হয়েছে, করোনার কারণে দেশটিতে বিদেশি কর্মীর সংখ্যা কমেছে। আর চীনের বেশির ভাগ শহরের জিনিসপত্রের দাম বেড়েছে; এর কারণ চীন-মার্কিন বাণিজ্য দ্বন্দ্ব।
দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্বব্যাপী কস্ট অব লিভিং বিভাগের প্রধান উপাসনা দত্ত জানান, কয়েক বছর ধরে এই তালিকায় এশিয়ার দেশগুলো শীর্ষে থাকলেও এবার করোনার ধাক্কায় কিছুটা ওঠানামা হয়েছে দেশগুলোর অবস্থানের।
ব্রিটিশ সংবাদ সংস্থার বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার এই তালিকায় ২০ ধাপ নিচে নেমে গেছে ব্যাংকক। এই শহরের বর্তমান অবস্থান ৪৬তম।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, জীবন-যাপনে ব্যয়বহুল শহরের তালিকায় গতবছর থেকেই অবস্থান হারাচ্ছে আমেরিকা, আফ্রিকা, পূর্ব ইউরোপ। তবে, পশ্চিম ইউরোপের শহরগুলো ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। পশ্চিম ইউরোপের চারটি শহর রয়েছে শীর্ষ ব্যয়বহুল ১০ দেশের তালিকায়। এর মধ্যে জুরিখ ও প্যারিস যৌথভাবে এই অঞ্চলের শীর্ষ অবস্থানে রয়েছে। তালিকায় জেনেভার অবস্থান ৭ম আর ৯ম অবস্থানে রয়েছে কোপেনহেগেন।