ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাশরাফীর খেলা নিয়ে শঙ্কা বাড়ছেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 1:35 PM

মাশরাফীর খেলা নিয়ে শঙ্কা বাড়ছেই

মাশরাফীর খেলা নিয়ে শঙ্কা বাড়ছেই

নভেম্বরে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে শুরুতে মাশরাফী বিন মোর্ত্তজার খেলার কথা থাকলেও এখন তার অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ১৮ অক্টোবর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন বাংলাদেশের সবচেয়ে সফল এই ওয়ানডে অধিনায়ক। তবে এখনো তার ইনজুরির কোনো ফলাফল জানা যায়নি।

ফিটনেস ফিরে পেতে সিটি ক্লাব মাঠে দৌড়ানোর সময় এই চোটে পড়েন মাশরাফী। চোটের মাত্রা জানতে তাকে স্ক্যান করানোর জন্য পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তবে এখনো স্ক্যান করাতে পারেননি নড়াইল এক্সপ্রেস।

দুই সন্তান হুমায়রা মোর্ত্তজা এবং সাহেল মোর্ত্তজা করোনায় আক্রান্ত থাকার কারণে বাধ্য হয়েই মাশরাফীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তাই যথা সময়ে স্ক্যান করাতে পারছেন না তিনি। এদিকে গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিতের পর আর মাঠে ফেরা হয়নি তার।

এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফী খেলবেন বলে জানানো হয়েছিল। সম্প্রতি চোটের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে ফোনে কথা বলেছেন মাশরাফী। তিনি জানিয়েছেন, মাশরাফী টি-টোয়েন্টি কাপে খেলবেন কি না এই বিষয়ে তারা এখনো ধোঁয়াশায় আছেন।

এ বিষয়ে নান্নু বলেন, 'আমি মাশরাফীর সঙ্গে কথা বলেছি। সে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবে কি না সেটা স্পষ্ট নয়। আমরা আশাবাদী সে এই প্রতিযোগীতায় অংশ নেবে। কারণ অধীর আগ্রহে সে এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছে।'

মূলত স্ক্যান রিপোর্টের ওপরই মাশরাফীর টি-টোয়েন্টি কাপে খেলা না খেলা নির্ভর করছে বলে জানিয়েছেন জানিয়েছেন নান্নু। তিনি বলেন, 'মাশরাফী মূলত স্ক্যান করাতে যেতে পারছে না, কারণ সে কোভিড আক্রান্তের সংস্পর্শে আছে। তার ছেলে-মেয়ে সেরে ওঠার পরও তাকে কিছুটা বিশ্রাম নিতে হবে। এরপর এই প্রতিযোগিতার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। সব নির্ভর করছে তার ইনজুরির অবস্থার ওপর। স্ক্যান রিপোর্টের ওপরই তার খেলা না খেলা নির্ভর করবে।'

এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, মাশরাফীকে ড্রাফটে না রাখার পরিকল্পনা করছে বোর্ড। তার ফিটনেস দেখে যেকোনো দল তাকে বেছে নিতে পারবে, এমন সুযোগ রাখা হতে পারে। মাশরাফীর বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, তিনি নিজেও স্ক্যান করাতে খুব বেশি আগ্রহী নন।

অবশ্য বিসিবি আশাবাদী, বাচ্চারা করোনা মুক্ত হলেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুশীলন শুরু করবেন মাশরাফী। এর আগে বিপ টেস্টের মাধ্যমে ফিটনেস টেস্টে তাকে পাস করতে হবে। সাবেক এই টাইগার ক্যাপ্টেনকে অন্তত ১১ পেতে হবে।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status