রুশ টিভিতে সাক্ষাৎকার দেয়ায় ক্ষমা চাইলেন ট্রাম্পের উপদেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 1:38 PM
রুশ টিভিতে সাক্ষাৎকার দেয়ায় ক্ষমা চাইলেন ট্রাম্পের উপদেষ্টা
রাশিয়ার রাষ্ট্রীয় আন্তর্জাতিক টেলিভিশন আরটিকে সাক্ষাৎকার দিয়ে বিপাকে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্কট অ্যাটলাস। সাক্ষাৎকার দেয়ার জন্য তিনি এরইমধ্যে মার্কিন জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
রোববার এক টুইটে স্কট অ্যাটলাস বলেন, আমি সম্প্রতি আরটিকে একটি সাক্ষাৎকার দিয়েছি এবং আরটি যে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করে, তা আমার জানা ছিল না। ওই সাক্ষাৎকার দেয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আমি বিশেষভাবে ন্যাশনাল সিকিউরিটি কমিউনিটির কাছে ক্ষমা চাইছি, যারা আমাদের রক্ষার জন্য রাতদিন পরিশ্রম করছেন।
সাক্ষাৎকারে নিউরোলজিস্ট অ্যাটলাস স্কট বলেছেন, মহামারি করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে লকডাউন দেয়া হলো মার্কিন জনগণকে হত্যার শামিল।
হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের উপদেষ্টা স্কট অ্যাটলাস দাবি করেন, করোনার কারণে যুক্তরাষ্ট্রে দুই লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে।