জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কোভিড-১৯ মহামারীকে পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, বর্তমান বিশ্বে আজ ভাইরাসটি এক নম্বর নিরাপত্তা হুমকি। তাই এ ভাইরাসকে পরাস্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়ার এখনই সময়।
তিনি আরও বলেন, অনেকেই ভ্যাকসিনের ওপর আশা করে বসে আছেন। কিন্তু ভ্যাকসিন একা এই সমস্যার সমাধান করতে পারবে না।
গুতেরেস বলেন, বিশেষ করে আগামী ১২ মাসে নতুন নতুন সংক্রমণ মোকাবেলা এবং দমনে আমাদের নতুন ও বিদ্যমান পদ্ধতির ব্যাপক সম্প্রসারণ করতে হবে। তিনি এখনই তা শুরু করার ওপর গুরুত্বরোপ করেন।-খবর বাসসের
এদিকে কোভিড ১৯-এর কোনো সীমানা না থাকায় তিনি ভ্যাকসিনকে একটি বৈশ্বিক গণপণ্যে রূপ দেয়ার কথাও বলেন। তিনি বলেন, ভ্যাকসিন হবে সবার জন্য এবং সহজলভ্য। এটি হবে সবার। গুতেরেস ভ্যাকসিন নিয়ে অবিশ্বাস তৈরি হওয়ার প্রসঙ্গটিও তুলে ধরেন।
তিনি বলেন, কোনো কোনো দেশের বৃহৎ জনগোষ্ঠীর ভ্যাকসিন নিয়ে অনীহার উদ্বেগজনক খবর আমরা দেখেছি। মহাসচিব বলেন, এই মরণব্যাধির মুখে দাঁড়িয়ে ভুল তথ্য প্রতিহত করতে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।