ফিলিস্তিনের সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আরব উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগ দেবে না কাতার।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়াহ আল-খাতের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, এই সংঘাতের মূল কারণ সম্পর্ক স্বাভাবিকীকরণ ছিলো বলে মনে করি না আমরা। এটি কোনো সমাধান হতে পারে না। এই সংঘাতের মূল কারণ হচ্ছে, ফিলিস্তিনিরা কঠোর অবস্থার মধ্যে জীবনযাপন করছে। স্থায়ী কোনো রাষ্ট্র নেই তাদের অন্যের অধীনে বাস করছে তারা।
মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক অনুষ্ঠানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও সাধারণ মুসলমানেরা এই চুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং বিক্ষোভ করেছে। এ চুক্তিতে নিন্দা প্রকাশ করেছে ফিলিস্তিনও। এই জাতীয় চুক্তিগুলো ফিলিস্তিনিদের পক্ষে কাজ করেনা বলে জানিয়েছে দেশটি। এছাড়া এই চুক্ত ফিলিস্তিনিদের অধিকার অগ্রাহ্য করবে বলেও দাবি দেশটির। সূত্র- আনাদলূ এজেন্সি