সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (০৩ আগস্ট) স্থানীয় বিন্নিশ শহরে হতাহতের এ ঘটনা ঘটে।
এদিন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকটি দখলে নিতে অভিযান জোরদার করে রুশ সমর্থিত আসাদ বাহিনী। এসময় বিদ্রোহীদের পাল্টা আঘাতে সরকারি বাহিনীর ১২ সদস্য নিহত হয়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
এসময় আসাদ বাহিনীর আরো ১৭ সদস্য আহত হয় বলেও জানায় মানবাধিকার সংস্থাটি।
পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, সিরিয়ার সবশেষ বিদ্রোহী অধ্যুষিত ইদলিব পুনরুদ্ধারে সম্প্রতি ব্যাপকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ ও ইরান সমর্থিত আসাদ সরকার।
কিন্তু বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল সামের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় তারা। দু’পক্ষের সংঘাতে এদিন দুই বিদ্রোহী নিহত হয়।
হায়াত তাহরির আল সাম সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সবশেষ বিদ্রোহী অধ্যুষিত এলাকাটি নিয়ন্ত্রণ করে। সেখানে ৩০ লাখ মানুষ বসবাস করে। যাদের অর্ধেকই যুদ্ধের কারণে ওই এলাকায় আশ্রয় নিয়েছে।
বিদ্রোহী এলাকাটিতে প্রতিদিনিই ইরান এবং রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী হামলা চালাচ্ছে। ডিসেম্বর ও মার্চে রুশ সমর্থিত সিরিয়ার সরকার অঞ্চলটিতে ব্যাপক অভিযান চালায়। এতে বাস্তুচ্যুত হয় ১০ লাখের বেশি মানুষ।
মস্কোর সমর্থনে মার্চে সংঘাত হ্রাসের লক্ষ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। কিন্তু মিত্রদের সহায়তা অভিযান অব্যাহত রেখেছে আসাদ বাহিনী।