ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2026, 1:24 PM

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতি চারজন নারীর একজনের স্বামী বা সঙ্গী যৌন সম্পর্ক চাইলে তিনি তা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন না।

পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় ৪৫ শতাংশ নারী নিজের বিবাহিত জীবনেও যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব অঞ্চলে এ সংখ্যা ৩৩ শতাংশ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জন নারীর একজন যৌন সম্পর্ক প্রত্যাখ্যান করতে পারেন না। আজ বৃহস্পতিবার জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে আটটি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেশগুলো হলো অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া। বিশ্লেষণে দেখা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরী ও তরুণীদের যৌন সম্পর্কে ‘না’ বলার ক্ষমতা ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় আরও কম। সঙ্গীর সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি কিশোরীদের বেশি—এ বিষয়ে আগের গবেষণার সঙ্গেও এ তথ্য মিলে যায়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা বলেন, ‘এগুলো সত্যিই দুঃখজনক পরিসংখ্যান।’ তিনি বলেন, আফ্রিকার দেশগুলো নারীর অধিকার রক্ষায় বাধ্যতামূলক আইনি মানদণ্ড নির্ধারণকারী ম্যাপুটো প্রটোকল গ্রহণ করেছে। তারপরও নারী ও মেয়েরা যেন এসব অঙ্গীকারের সুফল পান, তা নিশ্চিত করতে অনেক কাজ বাকি।

আফ্রিকান ইউনিয়ন ২০০৩ সালে ম্যাপুটো প্রটোকল গ্রহণ করে। এটি নারীর অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এতে নারীর প্রতি সহিংসতা থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রগুলোর ওপর দেওয়া হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, বিয়ে হতে হবে উভয়ের পূর্ণ সম্মতির ভিত্তিতে। এতে নারীর স্বাস্থ্য অধিকারও নিশ্চিত করা হয়েছে।

মুরুঙ্গা বলেন, ‘মূল নীতিটি পরিষ্কার: স্বাধীনভাবে ও স্বেচ্ছায় সম্মতি ছাড়া যৌন সম্পর্ক যৌন সহিংসতা। বিয়ের মধ্যেও এটি যৌন সহিংসতা। বিয়ে মানেই স্থায়ী বা ধরে নেওয়া সম্মতি নয়। একজন নারী যৌন সম্পর্কে জড়াবেন কি না, কখন জড়াবেন এবং কীভাবে জড়াবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর আছে।’

মুরুঙ্গা বলেন, প্রথমেই আফ্রিকার দেশগুলোর ধর্ষণসংক্রান্ত আইন পরিবর্তন করা দরকার। মুরুঙ্গার ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার কিছু দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। সাতটি দেশে স্বামীকে এ অপরাধের বিচারের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে আইভরিকোস্ট, ইথিওপিয়া ও দক্ষিণ সুদান রয়েছে। তানজানিয়া ও ইরিত্রিয়ার মতো কিছু দেশে স্বামী-স্ত্রী একসঙ্গে না থাকলেই কেবল বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

যেসব দেশে বাল্যবিবাহ অনুমোদিত, অথচ বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়, সেখানে শিশুরা সুরক্ষাহীন থাকে। বিয়ের বাইরে যে কাজকে ধর্ষণ বলা হতো, বিয়ের কারণে তা আইনের ফাঁক গলে অপরাধ হিসেবে গণ্য না-ও হতে পারে। ফলে অল্প বয়সী স্ত্রীদের যৌন সহিংসতা ও শোষণ থেকে নিজেদের রক্ষার সুযোগ সীমিত থাকে।

উদাহরণ হিসেবে গ্যাবনের কথা বলা হয়েছে। সেখানে কোনো পুরুষ অপহরণ করা শিশুকে বিয়ে করলে, বিয়ে বাতিল না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না।

এ ধরনের আইনের পেছনে একটি ভুল ধারণা কাজ করে: বিয়ে করলে স্ত্রী নাকি স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে স্থায়ীভাবে সম্মতি দিয়ে ফেলেন। অনেক এলাকায় ধর্মীয় বিশ্বাসও এ ধারণাকে শক্তিশালী করে।

সিয়েরা লিওনে কিশোরীদের সহায়তায় কাজ করা সংস্থা ‘আ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু ডিমোনেকেনে বলেন, আফ্রিকায় বিয়ের মধ্যে সম্মতি নিয়ে আলোচনা এখনো শুরুই হয়নি। তিনি বলেন, ‘বৈবাহিক ধর্ষণ নিয়ে আমাদের আলোচনা এখনো শুরু হয়নি। নারীরা একে ধর্ষণ বলবেন না। তাঁরা এর পক্ষে নানা অজুহাত দেন, এমনকি নিজেদেরই দোষ দেন।’

আলিমাতু ডিমোনেকেনে আরও বলেন, ‘পশ্চিম আফ্রিকায় বিয়ের মধ্যে যৌন সম্পর্ককে দায়িত্ব বলে মনে করা হয়। স্বামী যা চান, স্ত্রীকে তা-ই করতে হবে। বিয়েতে কনের পরিবারকে দেনমোহর বা পণ দেওয়ার পর স্বামী মনে করেন, স্ত্রীর ওপর তাঁর অধিকার তৈরি হয়েছে। তখন স্ত্রী তাঁর দাবি প্রত্যাখ্যান করতে পারেন না। ঘনিষ্ঠ সম্পর্ক, অর্থ কিংবা সন্তান লালন-পালন—সব ক্ষেত্রেই স্বামী যা চান, তা-ই পান বলে মনে করা হয়।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status