নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ আগস্ট) ভোর রাতে জলঢাকা পৌর শহরের বগুলাগাড়ি বারঘড়িপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নূরন্নবী (২০) একই উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল বালাপাড়া গ্রামের মাকসুদার রহমানের ছেলে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কে.এম আজমিরুজ্জামান।
জলঢাকা থানা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা ঘটনার পরিকল্পনায় চলতি বছরের ১১ মার্চ রাতে জলঢাকা পৌর শহরের বারঘড়িপাড়াস্থ জনৈক মিলনের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দলের রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল আলমের নেতৃত্বে সক্রিয় সদস্যরা সংগঠিত হন।
এমন গোপন খবর পেয়ে রাতেই জলঢাকা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালিয়ে সংগঠনের রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম ও নীলফামারী জেলার নায়েক জিকরুল আহম্মেদকে আটক করা হলেও সংগঠনের সক্রিয় সদস্য মিলন (২৫), নূররন্নবী (২০) ও জলঢাকা উপজেলা নায়েক জাকির হোসেনসহ অন্যান্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় পরের দিন সকালে গ্রেপ্তারকৃত দুইজনসহ আরও তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও বেশ ক’জনের নামে জলঢাকা থানায় ধারা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-১৩) এর ৬(২) এর (ই)(ঈ) /৭/৮/১০/১১/১২/১৩ মামলা দায়ের করেন জলঢাকা থানার উপ-পরিদর্শক নিশার আলী তিতুমীর।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক কে.এম আজমিরুজ্জামান বলেন, ‘মামলা দায়েরর পর থেকে আসামীদের গ্রেপ্তার করতে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে জেলাসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছে। সোমবার ভোর রাতে গোপন খবর পেয়ে মামলার ৪নম্বর আসামী নূরন্নবীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকী আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’