সংকটাপন্ন কোভিড রোগীদের চিকিৎসায় আসছে বায়োকনের নতুন ওষুধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 3:52 PM
সংকটাপন্ন কোভিড রোগীদের চিকিৎসায় আসছে বায়োকনের নতুন ওষুধ
সংকটাপন্ন কোভিড রোগীদের চিকিৎসায় আসছে বায়োকনের নতুন ওষুধ নতুন সময় ডেস্ক
সারা বিশ্ব জুড়েই মহামারি করোনাভাইরাস সারিয়ে তোলার ওষুধ আবিষ্কার করার চেষ্টা চলছে। এবার ভারতের প্রথম সারির বায়োটেকনোলজি কোম্পানি বায়োকন দাবি করেছে করোনা চিকিৎসার ওষুধ বাজারে আনতে চলেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা সংক্রমণে রোগীর শরীরে যে তীব্র প্রদাহ তৈরি হয় তা কমাতে এই ওষুধের বিশেষ ভূমিকা রয়েছে বলে দাবি করেছে ওষুধটির নির্মাতা সংস্থা বায়োকন। ওষুধটির নাম ইটোলিজুমাব। বায়োকন থেকে জানানো হয়েছে, এই ইটোলিজুমাব ইনজেকশনের প্রত্যেক ভায়ালের দাম পড়বে ৮ হাজার টাকা।
ভারতের কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার ভি জি সোমানি জানিয়েছেন, একমাত্র সংকটাপন্ন কোভিড-১৯ রোগীদের চিকিৎসাতেই এই ওষুধ ব্যবহার করা যাবে। জরুরি অবস্থায় তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদেরও নির্দিষ্ট ডোজে ইটোলিজুমাব দেয়া যেতে পারে।
বায়োকনের গবেষকরা বলেছেন, ইটোলিজুমাব সাইটোকাইন প্রোটিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই সাইটোকাইন প্রোটিনের বেশি ক্ষরণেই শরীরে তীব্র প্রদাহ তৈরি হয়।
গবেষকরা আরো বলছেন, সোরিয়াসিসের এই ইনজেকশন কোভিড-১৯ রোগীদের শরীরে প্রয়োগ করে দেখা গিয়েছে তাদের প্রদাহজনিত রোগ কমছে। ফলে তীব্র শ্বাসকষ্টও কমছে। ভেন্টিলেটর সাপোর্ট দেয়ার প্রয়োজন হচ্ছে না রোগীদের।
সংস্থাটির অন্যতম প্রধান কিরণ মজুমদার সাউ বলেছেন, যতদিন না করোনার টিকা বের হচ্ছে, ততদিন চিকিৎসা পদ্ধতিকে শক্তিশালী রাখতেই হবে।
উল্লেখ্য, বেঙ্গালুরুর সংস্থা বায়োকন ও কিউবার সেন্টার ফর মলিকিউলার ইমিউনোলজি সায়েন্স রিসার্চ ফার্মের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওষুধ। মূলত সোরিয়াসিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধ। সোরিয়াসিস মূলত ত্বকের সংক্রমণজনিত রোগ। এতে আক্রান্ত হলে ত্বকে জ্বালা করে। সঙ্গে থাকে গোল চাকা চাকা দাগ। সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের শরীরে যে প্রদাহ তৈরি হয় তাকে আটকাতে পারে ইটোলিজুমাব। তাই এই ওষুধের বিশেষ গুণকেই কোভিড-১৯ এর থেরাপিতে কাজে লাগাতে চাইছেন চিকিৎসকেরা।