মধ্যরাতে সন্তান সম্ভবাকে হাসপাতালে পৌঁছে দিলেন ওসি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 March, 2020, 10:43 AM
মধ্যরাতে সন্তান সম্ভবাকে হাসপাতালে পৌঁছে দিলেন ওসি
মধ্যরাতে চট্টগ্রাম নগর পুলিশের হটলাইন নম্বরে এক মা আকুতি জানান, তার সন্তান সম্ভবা মেয়েকে যেন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
মায়ের এমন ফোন কল পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের গাড়ি পাঠিয়ে ওই প্রসূতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মধ্যরাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, রাত সাড়ে ১১টায় সিএমপির হক নম্বরে একটি ফোন আসে। কল করেন বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার বাসিন্দা একজন মা।
তিনি বলেন, পুরো নগরী অন্ধকার, কোথাও কোনো গাড়ি নেই। তার কন্যা বেবী আক্তার সন্তানসম্ভবা। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। এই লক্ষ্যে একটি গাড়ি জোগাড় করে দেওয়ার জন্য ওই মা পুলিশকে অনুরোধ জানান।
হটলাইন নম্বর থেকে এমন তথ্য পেয়ে থানার অফিসার ইনচার্জের গাড়িটি তাৎক্ষণিক রসুলবাগ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। পরক্ষণে প্রসূতি নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।