লক্ষ্মীপুর শহর ও পাবনার ভাঙ্গুরায় পচা মাংস-মিষ্টি মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি হোটেল ও তিন ফার্মেসি মালিককে ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে শহরের মক্কা হোটেল ও ভাঙ্গুরা বাজারের মোহনা ফার্মেসি, ঔষধ ঘর ও নাবিল ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। এ সময় হোটেল মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর সদরের ইউএনও রিদোয়ান আরমান শাকিল জানান, মক্কা হোটেলের ফ্রিজে মুরগি ও গরুর পচা মাংসের সঙ্গে মিষ্টি রাখা হয়েছিল। যা অস্বাস্থ্যকর। এ কারণে হোটেল মালিক ফারুক ও এক শ্রমিককে আটক করে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ইউএনও আরো জানান, আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর মাংস উদ্ধার করা হয়েছে। ওই গোডাউন পুলিশের হেফাজতে রয়েছে।
ভাঙ্গুরার ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান জানান, মোয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করায় মোহনা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ঔষধ ঘরকে দুই হাজার, নাবিল ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে।