করোনাভাইরাস: বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ দিচ্ছে এয়ারএশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:33 PM
করোনাভাইরাস: বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ দিচ্ছে এয়ারএশিয়া
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসের আতঙ্ক। সেইসঙ্গে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্বব্যাপী সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও প্রতিষেধকবিহীন এ ভাইরাসের ছোবল থেকে কোনোভাবেই রক্ষা পাওয়া যাচ্ছে না। এর ফলে প্রায় সব দেশেই বিমানের যাত্রী অনেকাংশে কমে গেছে।
এমন পরিস্থিতি সামাল দিতে মালয়েশিয়াভিত্তিক বিমান প্রতিষ্ঠান ‘এয়ারএশিয়া ’ তাদের যাত্রীদের জন্য এক বিশাল ছাড় দিচ্ছে।
সংবাদ সংস্থা ডেইলি মেইলে’র তথ্যানুযায়ী, বিমান প্রতিষ্ঠানটি কেবিনগুলি পূরণের জন্য তাদের যাত্রীদের কাছ থেকে কোনো আসন ভাড়া নিচ্ছে না। এয়ারএশিয়া এটিকে বিগ সেল বলে আখ্যায়িত করেছে। এর আওতায় অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে ভ্রমণে এয়ারএশিয়া যাত্রীদের কাছ থেকে বিমানের আসনের জন্য কোনো ভাড়া নেয়া হবে না। তবে নিয়মমাফিক যাত্রীদের এয়ারপোর্ট ট্যাক্সের মতো অন্যান্য ফি দিতে হবে। প্রতিষ্ঠানটি তার যাত্রীদের ভ্রমণের জন্য ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত ছাড়কৃত মূল্যে টিকিটি বুকিং করা সুযোগ দিয়েছে।
জানা গেছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রুটেও এমন ছাড় চলছে। এই বিগ সেল ফ্রি সিট অফারের আওতায় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর, জাকার্তার মতো স্বল্প দূরত্বে ভ্রমণে খরচ পড়ছে মাত্র ৪৪ মালয়েশিয়ার রিঙ্গিত। আবার কুয়ালালামপুর থেকে সিউল, পার্থ, মেলবোর্নের মতো দূরত্বে খরচ পড়ছে ৭১ মালয়েশিয়ান রিঙ্গিত। এয়ার এশিয়ার প্রিমিয়াম ফ্লাটবেড কেবিনেও একই ধরনের ছাড় রয়েছে।
এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডিরেক্টর ভেরানিতা ইয়োসেফিন জাকার্তা পোস্টকে বলেছেন, চ্যালেঞ্জিং এই সময়টাতে বিমান সংস্থাটি ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, এয়ারএশিয়া ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কারেন চ্যান বলেছেন, নতুন বছরে এটাই আমাদের প্রথম বড় বিক্রয়। এয়ারএশিয়া তার গ্রাহকদের বর্তমান অনুভূতি বোঝে। এ কারণে যাত্রীদের ভ্রমণের সময় ২০২১ সালের জুলাই অবধি বাড়ানো হয়েছে। এমনকি সাশ্রয়ী যাত্রার জন্য অগ্রিম বুকিং দেয়ার পর্যাপ্ত সুযোগও দেয়া হয়েছে
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি বিমান টিকেটগুলো তাড়াতাড়ি বিক্রি বা বুকিং করার জন্যই যাত্রীদের সর্বনিম্ন ভাড়ায় সর্বোত্তম মানের ভ্রমণের সেবার পরিকল্পনা করেছে।