বৃটিশ আমলে নির্মিত রেলওয়ে স্টেশনটি বেহাল। স্টেশনের নামে স্থায়ীভাবে সাঁটানো সাইনবোর্ড রয়েছে। রয়েছে টিকিট কাউন্টার ছাড়াও কয়েকটি ভবন, কিন্তু নেই কোনো লোকবল। যথারীতি যাত্রীর আগমনসহ ট্রেনে ওঠানামা করলেও টিকিট দেওয়া ও দেকভালের কেউ নেই। এমন অবস্থা ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবস্থিত মুশুলি রেলওয়ে স্টেশন।
খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ-ভৈরব রেলপথের নান্দাইল উপজেলা অংশে দুটি রেলস্টেশন রয়েছে। একটি 'নান্দাইল রোড রেলস্টেশন’ অপরটি 'মুশুলি রেলস্টেশন'। বৃটিশ আমলে নির্মিত এই দুটি রেলস্টেশন দিয়ে এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ রেলে চড়ে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করত। নান্দাইল রোড স্টেশনটি চালু থাকলেও মুশুলি রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার লোকজন নিরাপদ বাহন হিসেবে রেলওয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সম্প্রতি মুশুলি রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে সুনশান নীরবতা বিরাজ করছে। স্টেশনে গবাদিপশু চরছে। লাল ভবনগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্টেশনের পাশ দিয়ে চলে গেছে মুশুলি-কালীগঞ্জ বাজার গ্রামীণ সড়ক। সেই সড়কে রয়েছে একটি রেলক্রসিং।
রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করছেন শিশির দাস (৩৫) নামে এক ব্যক্তি। জানতে চাইলে শিশির এ প্রতিবেদককে বলেন, তিনি গেটম্যান হিাসাবে এখানে যোগ দেওয়ার সময় থেকে দেখছেন মুশুলি রেলস্টেশনের কোনো কার্যক্রম নেই। তবে এই স্টেশনে দিনে ও রাতে লোকাল ট্রেনগুলো থামে। তখন এখানে যাত্রী ওঠানামা করে। কিন্তু স্টেশনে কার্যক্রম না থাকায় টিকিট কিনতে পারেন না যাত্রীরা। ফলে একপ্রকার বাধ্য হয়ে এখানকার যাত্রীরা বিনাটিকেটে ট্রেনে চড়েন।
মুশলি ইউনিয়নের শুভখিলা, কালীগঞ্জ বাজারসহ আশপাশের এলাকার কয়েকজন বয়স্ক বাসিন্দা জানান, একসময় স্টেশনের কার্যক্রম ছিল। তবে ট্রেনের হুইসেল শুনে টিকিট বিক্রি হতো। এরপর মুঠোফোনে চালু হওয়ার পর টিকিট বিক্রিতে পরিবর্তন ঘটে। এ ছাড়া মাছ ও নানা কৃষিপণ্য বুকিং দিয়ে রেলপথ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাঠাতেন ও আমদানি করতেন এই এলাকার ব্যবসায়ীরা। তখন স্টেশনে সারাদিনই কোলাহল থাকত।
রেলক্রসিংয়ের কাছে কয়েকজন ইজিবাইক ও রিকশাচালকের সাথে কথা বলে জানা যায়, লোকাল ট্রেন থামার পর যাত্রীরা মুশুলি স্টেশনে নামেন। পরে তারা এখান থেকে রিকশা বা ইজিবাইকে চড়ে গন্তব্যে যান। এ ছাড়া এলাকার কিছু শ্রমজীবী নারী রেলপথে ভৈরব থেকে একপ্রকার সাবান (গোলা সাবান) এনে এ অঞ্চলে বিক্রি করেন।
নামপ্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন জানান, এই রেলপথ দিয়ে মাদকের চালান আসে। এসব চালান এখানে হাতবদল হয়ে নানা জায়গায় পৌঁছে যায়।
স্টেশনলাগোয়া রাজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, মুশলি রেলস্টশন বন্ধ থাকার বিষয়টি সম্পর্কে তার কিছু জানা নেই। মুশুলি ইউপি চেয়ারম্যান মো. ইফতিকার উদ্দিন ভূঁইয়াও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ময়মনসিংহ রেলস্টেশনের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) মো. জহিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পর্যাপ্ত লোকবলের অভাবে ময়মনসিংহ-ভৈরব রেলপথে কিছু স্টেশনে কার্যক্রম বন্ধ রয়েছে।