হবিগঞ্জের নবীগঞ্জ বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকা থেকে জায়েদ মিয়া নামে এক শ্রমিকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে এটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
জায়েদ মিয়া উপজেলার পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে। সে বিবিয়ানা পাওয়ার প্লান্ট-এ শ্রমিক ছিল বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার খবর পেয়ে এডিশনাল এসপি মোঃ পারভেজ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।