চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রী। ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এক বাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিনি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নোয়াখালী পৌর শহরের মাইজদি বাজার থেকে বাস ছাড়ার কিছুক্ষণ পর একটি অপরিচিত এক লোক বাসে ওঠে। বাসে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী না থাকায় লোকটি ওই ছাত্রীর পেছন থেকে শরীরে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ওই ছাত্রী জোরে চিৎকার করলে লোকটি তাড়াতাড়ি বাস থেকে নেমে যায়।
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে আজকের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত মো. নুরনবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় নোয়াখালী সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম।
ফের এমন ঘটনা ঘটায় অনেকটাই দুশ্চিন্তায় ভুগছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ছাত্রী বলেন, আমাদের কোথাও নিরাপত্তা নেই। দেশে একের পর এক যৌন হয়রানি, ধর্ষণের মতো ঘটেই চলছে। বিশ্ববিদ্যালয়ের বাসেও বারবার এমন ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তি নিশ্চিত করুক। আমরা এ ধরণের ঘটনার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর বলেন, এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আজকের মধ্যেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট জমা দিবে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তকরণের চেষ্টা চলছে।