ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
হলি আর্টিজান হামলা: রায় শুনতে আদালতে দূতাবাস কর্মকর্তারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 11:03 AM

হলি আর্টিজান হামলা: রায় শুনতে আদালতে দূতাবাস কর্মকর্তারা

হলি আর্টিজান হামলা: রায় শুনতে আদালতে দূতাবাস কর্মকর্তারা

তিন বছর আগে রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে ভয়াবহ ও নৃশংসতম জঙ্গি হামলার ঘটনায় করা মামলার রায় ঘোষণা হবে আজ বুধবার। আলোচিত এ মামলার রায় ঘোষণাকে ঘিরে আদালতপাড়াসহ পুরো রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিন বছর আগের ওই হামলায় যেসব বিদেশি নাগরিকরা নিহত হয়েছিলেন তাদের দেশের দূতাবাসের কর্মকর্তারা রায় শুনতে আজ আদালতে আসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির জানান, জাপানসহ বেশ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিরা রায় শুনতে এজলাসে উপস্থিত থাকবেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টের প্রতিনিধি হিসেবে আবু ওবায়দুর রহমান টগর রায় পর্যবেক্ষণে এজলাসে থাকবেন বলে জানিয়েছেন।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে চালানো জঙ্গি হামলায় ২ পুলিশসহ নিহত ২০ জনের মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক। তার মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়। জাপানের ওই ৭ নাগরিক ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন।

হলি আর্টিজানের সেই হামলায় পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়েছিল। আন্তর্জাতিক সব সংবাদমাধ্যমগুলো সেই হামলার খবর বড় শিরোনাম হয়ে উঠেছিল। বাংলাদেশে জঙ্গিবাদের বিপজ্জনক বিস্তারের মাত্রা স্পষ্ট হয়ে উঠেছিল ওই হামলার মাধ্যমে।

এই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নব্য জেএমবির জঙ্গিদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানো। বিদেশি নাগরিকদের হত্যা করে নৃশংসতার প্রকাশ ঘটানোর পাশাপাশি জঙ্গিরা এর মাধ্যমে দেশ ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছিল।

ঢাকা মহানগর অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন বলেন, ‘যে আদালতে রায় হবে, সেখানে দিনের প্রথমভাগে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বসেন এবং দ্বিতীয় ভাগে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বসেন। দুই বিচারকই সিদ্ধান্ত নেবেন, কোন আদালত প্রথমে বসবে।’

আদালতের কার্যক্রম দুপুর ১২টার দিকে শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির। বিচারক মো. মজিবুর রহমান আসন গ্রহণের পরই ঘোষণা হবে আলোচিত এই হত্যা মামলার রায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status