একটু একটু করে তীব্রতা ধারণ করছে শীত। শীত মানেই বাড়তি পোষাক; বাড়তি ঝামেলা। তরুণরা ফ্যাশনে অভ্যস্ত। শীতের পেষাকও চাই। তাই বলে কী তারুণ্যের ফ্যাশন থেমে থাকবে? বরং ফ্যাশনের নতুনত্ব এসেছে। অফিস, পার্টি সবজায়গায় ব্লেজার, জ্যাকেট, হুডি পরছে ছেলেরা। মেয়েরাও পিছিয়ে নেই নতুন এ ফ্যাশনকে আত্মস্থ করতে। ছেলেরা শুধু শার্ট-প্যান্টের সাথে ব্লেজার পরলেও মেয়েরা তা পরছে শাড়ি বা সালোয়ার-কামিজসহ বিভিন্ন পোশাকের সাথে। বিশেষ করে চাকরিজীবী ছেলেরা শীত পোশাক হিসেবে ব্লেজার বেশি পছন্দ করে। এখন তরুণীরা পছন্দ করছে মোটা কাপড়ের টপস, লেগিংস আর বাহারি ডিজাইনের কার্ডিগেন। শাড়ির ক্ষেত্রে ফুলস্লিভ ব্লাউজ আর শাড়ির সাথে মিলিয়ে শাল জড়িয়ে হয়ে উঠতে পারেন অনন্য। টি শার্ট বা শার্ট পরলে উপরে পরতে পারেন হাতা কাটা সোয়েটার। অথবা একটু ঢিলেঢালা পুলওভার।
আঁটসাঁট নয় বরং ঢিলেঢালা পোশাকই পরতে আগ্রহী কিশোরী আর তরুণীরা। সোজা কাটের পোশাকের সাথে বেছে নিতে পারেন হাঁটু পর্যন্ত লম্বা ব্লেজার।
জ্যাকেট আর ব্লেজারের সংমশ্রিণে তৈরি নতুন ধরনের শীতের পোশাক উঠে আসছে তরুণদের পছন্দের তালিকায়। অফিসের প্রয়োজনে ব্লেজার পরতে পারেন। তবে আগের মত আর সাদা, কালো বা ছাই রঙের ব্লেজার নয়। এবার বেছে নিতে পারেন গাঢ় মেরুন, কালো হলুদের মিশ্রণ, বেগুনি, পার্পেল রঙের ব্লেজার। এ ছাড়া হুডি জ্যাকেটও ধরে রাখছে হাল ফ্যাশনের আবেদন। আর মাফলার তো আছেই। ছেলে-মেয়ে সবার পছন্দের র্শীষে উঠে এসেছে রঙিন মাফলার। শীত পোশাক হিসেবে হালকা-পাতলা গরম কাপড়ই পছন্দ এই সময়ের তরুণদের। আর তাই পাওয়া যাচ্ছে পাতলা কাপড়ের ব্লেজার আর জ্যাকেটের। তরুণদের চাহিদা মাথায় রেখে জ্যাকেট বা ব্লেজারেও এসেছে পরিবর্তন। ব্লেজারের কাপড়, প্যাটার্ন, বেতাম, রঙ ইত্যাদি বিষয়ে বৈচিত্র্যের ছোঁয়াও লেগেছে বেশ। জিনস, চামড়া, সুতির বাইরে এবার নতুন এসেছে মখমলের কোট। জ্যাকেট বা ব্লেজারের ভেতরে আগে একটা সাধারণ কাপড় ব্যবহার করা হতো। কিন্তু এবার সেখানে নকশার অংশ হিসেবেই দেখা যাচ্ছে বৈচিত্র্যময় কাপড়।
শীতকাল হলো আঁটসাট চাপা জিন্স পরার উপযুক্ত সময়। এক্ষেত্রে গাঢ় রঙ এর প্রাধান্য দেয়া উচিত। বিভিন্ন রঙ এর শার্টের সাথে অল্প কিছু গয়না কিংবা গয়না না পরে কেবলমাত্র স্কার্ফ ব্যবহার করা যায়। স্কার্ফ এমন একটা ফ্যাশন অনুসঙ্গ, যা কি না শীত বা গ্রীষ্ম যে কোনো ঋতুতে যে কোনো পোষাককেই দারুণ আকর্ষণীয় করে তোলে। সাদা টপ আর প্লেইন জিন্সের সাথে একটা স্কার্ফ জড়িয়ে নিলেই ভীষণ মার্জিত আর স্টাইলিশ দেখাবে। এটাই স্কার্ফ ব্যবহারের সুবিধা।
এই শীতে লেগিংসের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ঢিলেঢালা সোয়েটারের সাথে লেগিংস আর পা ঢাকা জুতোয় দারুণ মানাবে যে কোন তরুণীকেই। ভি আকৃতির টিশার্টের সাথে সোয়েটার আর একটা স্কার্ফ জড়িয়ে নিলেও দেখতে ভালো লাগবে। এখন চেক শার্টও তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে।
এখন অনেকেই ব্লেজারকে ফরমাল পোশাক মানতে নারাজ। বয়স, অবস্থান ও রুচিভেদে নানা ডিজাইনের ব্লেজার যে কারো গায়ে প্রায়ই চোখে পড়ছে। ব্লেজার শীতফ্যাশনে নতুন মাত্রা যোগ করছে। অনেকে আবার অফিসিয়াল ড্রেস কোডের গ-ি পেরিয়ে শীত নিবারণের ক্যাজুয়াল পোশাক হিসেবে ব্লেজার পরছেন।
তরুণীরা মেকআপটা হালকা নিতেই বেশি পছন্দ করেন। তারা নিত্যদিনের সাজে তো বটেই; পার্টি মেকআপেও ত্বকের রঙের সঙ্গে মিল রেখে বেস মেকআপ করে থাকেন। এই শীতে বার বার পানির স্পর্শে না গেলেও চলবে। হালকা মেকাপে হবে দিন পার।