ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আসামিদের হুমকি: নুসরাতের লাশ কবর দিতে পারছ, ঘরের বাকিদের কবর দিতে পারবা না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 11:09 PM

আসামিদের হুমকি: নুসরাতের লাশ কবর দিতে পারছ, ঘরের বাকিদের কবর দিতে পারবা না

আসামিদের হুমকি: নুসরাতের লাশ কবর দিতে পারছ, ঘরের বাকিদের কবর দিতে পারবা না

দেশের ইতিহাসের নৃশংসতম ও আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় প্রধান আসমি অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ ১৬ আসামিকেই মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে রায় ঘোষণা করা হয়।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু তারপরও নিরাপত্তাহীনতায় রয়েছে নুসরাতের পরিবার। কারণ, গতকাল যখন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আদালত থেকে বের করা হচ্ছিল, প্রিজন ভ্যানে তোলার সময় প্রকাশ্যে তারা নুসরাতের পরিবারকে হুমকি দিচ্ছিলেন।

সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান। তার চেয়েও গুরুতর অভিযোগ করেছেন নুসরাতের মা শিরীন আখতার।

শিরীন জানান, আসামিপক্ষের লোকজন তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা হুমকি দিয়ে বলছে, ‘ঘরে চেরাগ (বাতি) জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। নুসরাতের লাশ কবর দিতে পারছ, ঘরের বাকিদের কবর দিতে পারবা না’।

টেনশনে শিরীন ঘুমাতে পারেন না। তার ছেলেরা বাইরে বাইরে থাকে। তাই প্রধানমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেছেন, রায়ের পরও যেন তার ছেলেদের নিরাপত্তা দেওয়া হয়।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘আসামিরা আদালত চত্বরে প্রকাশ্যে আমাদের হুমকি দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছেন। আমরা আশা করি রায় কার্যকর হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী আমাদের নিরাপত্তা দেবেন।’

নুসরাতের বাবা মাওলানা একেএম মুসা বলেন, ‘আমরা প্রতিনিয়ত টেনশনে থাকি। আমরা এক পরিবার, আর আসামিরা ১৬ পরিবার। তাদের অনেক আত্মীয়-স্বজন। আমাদের ভয় হয়; তারা আমাদের ক্ষতি করে কিনা? অনেক কিছু বলতে পারছি না, বলার সাহস পাচ্ছি না।’

এর আগে ৩০মে আদালতে কাঠগড়া থেকে মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমদুল হাসান নোমান ও বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খোকনকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি-ধামকি দেয় আসামিরা।

বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খোকন বলেন, ‘প্রতিদিন আসামিরা আদালতের কাঠগড়া থেকে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। আসামিরা পারলে সেখানেই আমাদের খুন করতো। তাদের ব্যবহারে বুঝা যায় তারা সংঘবদ্ধ একটি খুনি চক্র। তাদের আত্মীয় স্বজনও হুংকার দিয়েছে।’

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, ‘রায়ের পর থেকে নুসরাতের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ বাড়ানো হয়েছে। তবে যারা নুসরাত পরিবারকে ক্ষতি করতে চাইবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। নুসরাতের পরিবার যখনই আমাদের কাছে সহযোগিতা চাইবে, আমরা তাদের সহযোগিতা করবো।’

এদিকে, নুসরাত হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কনডেম সেলে রাখা হয়েছে। ১৬ আসামিদের মধ্যে পুরুষ ১৪জনকে ৮টি সেলে রাখা হয়েছে। মহিলা ২জনকে ওয়ার্ডে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবারই আদালত থেকে ফিরে যাওয়ার পর পরই তাদেরকে কনডেম সেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফেনী জেলা কারাগারের তত্ত্ববধায়ক রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status