ভিসির পদত্যাগ দাবিতে চতুর্থ দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:22 AM
ভিসির পদত্যাগ দাবিতে চতুর্থ দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এবং সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
কিন্তু, কোনো শিক্ষার্থীই সে আদেশ মানেনি। তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। এদিকে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা আবোরো হামলার আশংকায় রয়েছেন। শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনার প্রতিবাদে সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবীর পদত্যাগ করেন।
ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পুলিশ মোনায়েন করা হয়েছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে হল ত্যাগ না করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোঃ বশির উদ্দীনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শেষ পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি জানান, শিক্ষার্থীরা আগের মতোই আন্দোলন করে যাচ্ছে। তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হলেও তারা আমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।
শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলাকে ন্যাক্কার জনক উল্লেখ করে তিনি আরো জানান, বিষয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হলেন ইইই বিভাগের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম। সদস্য সচিব হলেন আইন বিভাগের ডিন আ. কুদ্দুছ মিয়া ও ড. সামছুল আরেফিন। তারা পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ার অফিস আদেশ থাকলেও শিক্ষার্থীরা কিন্তু হলে অবস্থান করেছে। আসলে আমরা তাদেরকে রাগাতে চাই না। একটা শান্তিপূর্ন সহাবস্থান চাই আমরা।