একটি সেতু নির্মাণের কাজ প্রায় শেষ। অথচ জমির মালিকানা নিয়ে বিরোধে সাত বছরেও নির্মাণ শুরু করা যায়নি সংযোগ সড়কের একাংশ। ফলে নতুন সেতু থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক আটকে আছে রেলওয়ে ও ব্যক্তিমালিকানার জমির বিরোধে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী, পণ্যবাহী যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, ১৯৮৭ সালে নির্মিত সোনাহাট রেলসেতুটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা এবং পুরোনো সেতুর ওপর চাপ কমাতে এর দক্ষিণ পাশে ২০১৯ সালে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজের ধীরগতিতে প্রকল্পটি বারবার পিছিয়েছে। চার দফা সময় বাড়ানোর পাশাপাশি ব্যয় বেড়েছে সাত কোটি টাকা। তবু শেষ হয়নি নির্মাণকাজ।
এর মধ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের পাটাতনের একটি অংশ ভেঙে পড়ে। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নতুন সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক চালু না হওয়ায় বিকল্প ব্যবস্থাও কার্যকর করা যাচ্ছে না। ফলে পুরো প্রকল্পের সুফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় প্রায় ছয় একর জমি নিয়ে বিরোধের সূত্রপাত।
স্থানীয় কয়েকটি পরিবারের দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ও জমির মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে থমকে গেছে অধিগ্রহণ প্রক্রিয়া। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।
জমির নথিপত্র যাচাই করে জানা গেছে, উপজেলার বলদিয়া বা বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মৌজার ৫১২ ও ৫১৩ নম্বর দাগে ১৪১ দশমিক ২৬ শতক এবং ১০০১, ১০০২, ১০০৩ ও ১০০৪ নম্বর দাগে ৪২৯ দশমিক ৯৭ শতক জমি রয়েছে। মোট ৫৭১ দশমিক ২৩ শতক জমি পাঁচটি পক্ষে ৩৮ জন অংশীদারের নামে রেকর্ডভুক্ত। তবে এসব জমির মালিকানা নিয়ে বর্তমানে দাবি-দাওয়া করছে রেলওয়ে।
জমির মালিকানা দাবি করা আবেদ আলী, শফিকুল ইসলাম, আব্দুল জলিলসহ স্থানীয়রা বলেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। এ বিষয়ে তাদের নামে তিনটি রেকর্ডও রয়েছে। কিন্তু রেলওয়ে একই জমির মালিকানা দাবি করছে। ন্যায্য মূল্য না দিয়ে জমি অধিগ্রহণ বা বাড়িঘর উচ্ছেদ করা হলে তারা বিপাকে পড়বেন। এতে বসবাসের জায়গাও হারানোর আশঙ্কা রয়েছে।
সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, সেতুর ওপরের অংশ এবং পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় কাজ শুরু করা যাচ্ছে না। জমি বুঝিয়ে দেওয়া হলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কুড়িগ্রাম সওজের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার বলেন, সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ আটকে আছে। অধিগ্রহণ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জমি পাওয়া গেলে বাকি নির্মাণকাজ দ্রুত শেষ করা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা রয়েছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে।