কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে ব্যাপক মারধর করে শেকলে বেঁধে রাখে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
মাত্র চার মাস আগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কচুরি গ্রামের মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের লাইলি আক্তারের। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই চার লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী মিজানুর।
বাবাহারা লাইলির সুখের কথা চিন্তা করে এক লাখ টাকা যৌতুক দেন দরিদ্র ভাই আলামিন। সবশেষ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নতুন করে যৌতুকের দাবিতে লাইলিকে ব্যাপক মারধর করে স্বামী মিজান ও তার মা। নির্যাতনের এক পর্যায়ে তাকে শিকলে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নির্যাতিতাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ঘটনার পর স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজীব ঘোষ বলেন, নববধূকে শারীরিক নির্যাতন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।