|
দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
|
![]() দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার বিশেষ অভিযান চালিয়ে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ মো. শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি ভাড়া বাসার ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী। গ্রেপ্তার শাওন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, অস্ত্র ও গুলি কেনাবেচার উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল। তবে কার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছে, কার কাছে বিক্রির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর এখনো সামনে আসেনি। মাদক কারবার, কিশোর গ্যাং ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় চনপাড়া। এবার সেখানে মিলল দুটি পেনগান। প্রশ্ন উঠেছে, অস্ত্রের ক্রেতা কারা? সরবরাহকারী কে? চনপাড়ায় কি গড়ে উঠছে অবৈধ অস্ত্রের নতুন বাজার? নাকি এখানকার অপরাধী চক্রের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার একটি গোপন রুট হিসেবে এলাকাটি ব্যবহৃত হচ্ছে? এর আগে চলতি বছরের এপ্রিলে পুরান ঢাকার নয়াবাজারে যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনায় আসামি গ্রেপ্তারে গিয়ে কেরানীগঞ্জ থেকে পেনগান উদ্ধার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নারায়ণগঞ্জে এবার একসঙ্গে দুটি পেনগান উদ্ধারের ঘটনা তাই গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা। শুধু অস্ত্র উদ্ধার করলেই হবে না। এর উৎস, ক্রেতা, সরবরাহকারী এবং সম্ভাব্য ব্যবহারকারীদের শনাক্ত করতে হবে। চনপাড়ায় পেনগানের চালান কারা আনছে? আন্ডারওয়ার্ল্ডে অস্ত্রের এই নতুন সরবরাহের পেছনে কারা? তদন্তের জাল কতদূর বিস্তৃত হয়, এখন সেটিই দেখার বিষয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
