|
ভ্যাট ফাঁকি: রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() ভ্যাট ফাঁকি: রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ বুধবার (২৫ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের কাঁচপুর, সোনারগাঁ এলাকায় অবস্থিত রহিম এনার্জি লিমিটেড বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানের কাছে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ২০২১ সালের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ বিতরণ করে প্রতিষ্ঠানটি মোট সেবা মূল্য পেয়েছে ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা। এ সেবা মূল্যের বিপরীতে ৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা। অথচ প্রতিষ্ঠানটি ওই সময়ে সরকারি কোষাগারে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা ভ্যাট জমা দিয়েছে। ফলে অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা। এ অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা দায়ের করে নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেট। পরে কারণ দর্শানোর নোটিশ জারি করে শুনানিতে ডাকা হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষজনক জবাব দিতে পারেনি। উভয় পক্ষের শুনানি শেষে ২৫ নভেম্বর অপরিশোধিত ভ্যাট বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা বাবদ ২৩ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়। সব মিলিয়ে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা আদায়ের লক্ষ্যে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করেছে ভ্যাট কর্তৃপক্ষ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
