|
বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সেলসম্যান নিহত,আহত ১
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় সেলসম্যান নিহত,আহত ১ আজ (২৬শে নভেম্বর) বৃহস্পতিবার বিকেল চারটার সময় চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ জানান, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যানটি রাঙ্গামাটি-বান্দরবান সড়ক হয়ে বাঙ্গালহালিয়া যাওয়ার সময় বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানে থাকা চালক ও সেলসম্যান গুরুতর আহত হন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে সেলসম্যান খোকন দে-কে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত চালক আমজাদ হোসেনের চিকিৎসা চলছে। নিহত খোকন দে ও আহত আমজাদ হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক এলাকায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
