|
রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
নতুন সময় প্রতিবেদক
|
![]() রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা নোটিশে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগ থেকে পাঠানো নোটিশে রবির নতুন ব্র্যান্ডের নাম ব্যবহারের বিষয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, সার্কেল নেটওয়ার্ক ২০১৬ সাল থেকে বিটিআরসির লাইসেন্স নিয়ে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। অন্যদিকে, রবি আজিয়াটা লিমিটেড কমিশনের পূর্বানুমোদন ছাড়া ‘সার্কেল’ নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে নাম ব্যবহারের বিষয়টি মেধাস্বত্ব-সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা জানতে চেয়েছে কমিশন। সার্কেল নেটওয়ার্ক গত ৮ সেপ্টেম্বর বিটিআরসিতে লিখিত অভিযোগ দেয়। এতে প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘদিন ধরে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে সেবা দিয়ে তারা নিজস্ব গ্রাহকভিত্তি, বাজার পরিচিতি ও ব্যবসায়িক সুনাম তৈরি করেছে। রবির নতুন ব্র্যান্ড ‘সার্কেল’-এর ইংরেজি বানান, উচ্চারণ ও দৃশ্যগত পরিচিতির সঙ্গে তাদের প্রতিষ্ঠানের নামের মিল থাকায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, রবির নতুন ব্র্যান্ড চালুর পর থেকে গ্রাহকদের একটি অংশ মোবাইল নেটওয়ার্কের সমস্যা, কল ড্রপ ও অন্যান্য সেবা নিয়ে অভিযোগ করছেন সার্কেল নেটওয়ার্কের কাছে। অথচ রবি ও সার্কেল নেটওয়ার্ক সম্পূর্ণ আলাদা প্রতিষ্ঠান। এ ধরনের ভুল বোঝাবুঝির কারণে তাদের কল সেন্টারে নিয়মিত অভিযোগ আসছে এবং কর্মীদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একই সমস্যা দেখা দিয়েছে বলে দাবি করেছে সার্কেল নেটওয়ার্ক। রবির মোবাইল নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা নিয়ে অনেকে তাদের ফেসবুক পাতায় মন্তব্য করছেন। এতে প্রতিষ্ঠানের কর্মীদের অযাচিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে গড়ে তোলা ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশে এয়ারটেলের কার্যক্রম শুরু হয় ২০১০ সালে। পরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রবি ও এয়ারটেলের একীভূতকরণ কার্যকর হয়। এরপর এয়ারটেল ব্র্যান্ডটি রবির অধীনে পরিচালিত হয়ে আসছিল। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২০ সালের ২৩ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী, একীভূতকরণের পর এয়ারটেল আর স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত মোবাইল অপারেটর নয়; এটি রবি আজিয়াটা লিমিটেডের একটি ব্র্যান্ড। দীর্ঘদিন এয়ারটেল ব্র্যান্ডে সেবা দেওয়ার পর চলতি বছরের ১৭ আগস্ট নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ চালুর ঘোষণা দেয় রবি। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, এয়ারটেলের বিদ্যমান গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্র্যান্ডের আওতায় আনা হবে। এতে গ্রাহকদের মোবাইল নম্বর, প্যাকেজ, ব্যালান্স ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন হবে না। তরুণদের জন্য ডিজিটাল সেবা, বিনোদন ও নতুন অভিজ্ঞতা তৈরির লক্ষ্যেই ব্র্যান্ড পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। বিটিআরসির নোটিশে রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ‘সার্কেল’ নাম ব্যবহার করে সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়ে রবির ব্যাখ্যা বা পরবর্তী অবস্থান জানা যায়নি। রবির জবাবের ভিত্তিতে বিটিআরসি কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে। একই নামের ব্র্যান্ড ব্যবহারের কারণে গ্রাহক বিভ্রান্তি ও ব্যবসায়িক স্বার্থের প্রশ্নটি দেশের টেলিযোগাযোগ খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
