|
সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের জন্মদিন আজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের জন্মদিন আজ ১৯৭৫ সালের ১৫ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বারাইশ গ্রামে জন্মগ্রহণ করেন সায়ীদ আবদুল মালিক। বাবা আবদুল মালেক (আবুল হাশেম মেম্বার) ও মা উলফাতুন নিসার নয় সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ। শৈশব থেকেই সাহিত্য ও সংগীতের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। রাজধানীতে পড়াশোনার সময় লেখালেখির জগতে প্রবেশ করেন। ১৯৯৫ সালে সুকন্যা ম্যাগাজিনে প্রকাশিত হয় তার প্রথম লেখা। ১৯৯৮ সালে দৈনিক ইনকিলাকে কন্ট্রিবিউটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে দেশবাংলা, আমাদের সময়, দৈনিক বাংলা ও দৈনিক নয়া দিগন্তে বিভিন্ন দায়িত্ব পালন করেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করলেও সাহিত্য ও সংগীতচর্চার প্রতি তার আগ্রহ অব্যাহত রয়েছে। সাংবাদিকতার পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিতি অর্জন করেছেন সায়ীদ আবদুল মালিক। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এই গীতিকারের লেখা গান গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন বাপ্পা মজুমদার, ন্যান্সি, আরমান আলিফ, প্রতীক হাসান, নোলক বাবু, রাজীব, কর্ণিয়া ও লুৎফর হাসান। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘ব্যস্ত শহর’ ও ‘প্রাণের বর্ণমালা’, ইসমাত আরা ইভার ‘চোখ পড়িলে চোখে’, প্রতীক হাসানের ‘পরকাল’, সাংবাদিকদের নিয়ে লেখা ‘খবরের ফেরিওয়ালা’, নোলক বাবুর ‘পোড়া লাশের সারি’ এবং শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফির কণ্ঠে ‘আমার মা’। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে লেখা ‘ক্রিকেটের উন্মাদনায়’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি অ্যাওয়ার্ড (২০০৮), জাতীয় মানবাধিকার স্বর্ণপদক (২০০৯), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সম্মাননা (২০১২), হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড (২০১৪) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) লেখক সম্মাননা (২০১৯ ও ২০২১)। বাংলা একাডেমির জীবনসদস্য সায়ীদ আবদুল মালিক জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি ২০০৬ সালের ১২ জানুয়ারি বিলকিস আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন কন্যা—ইসপিতা জাহান প্রভা, রাদিতা জাহান নুভা ও সানদিহা জাহান দিবা। জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সায়ীদ আবদুল মালিক বলেন, ‘আমি চাই, আমার লেখা ও গান মানুষকে ভালোবাসা ও দেশপ্রেমে অনুপ্রাণিত করুক। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
