ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
রাষ্ট্রীয়ভাবে কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের পৃষ্ঠপোষকতা করেছে আ.লীগ: প্রতিমন্ত্রী শরীফুল আলম
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Saturday, 14 November, 2026, 5:52 PM

রাষ্ট্রীয়ভাবে কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের পৃষ্ঠপোষকতা করেছে আ.লীগ: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রাষ্ট্রীয়ভাবে কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের পৃষ্ঠপোষকতা করেছে আ.লীগ: প্রতিমন্ত্রী শরীফুল আলম

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগ্যাং, মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধের বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, এসব অপরাধ আওয়ামী লীগের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। আগের সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তবে বর্তমান সরকার অপরাধ দমনে কাউকে ছাড় দেবে না।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় শহরের অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা এবং সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে সব ধরনের অন্যায় ও অপরাধ নির্মূলে পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শরীফুল আলম আরও বলেন, আগের সরকারের সময়ে কিশোরগ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। এমনকি এসব অপরাধের সঙ্গে জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ততা ছিল। বর্তমান সরকার অপরাধীদের কোনো ধরনের প্রশ্রয় দেবে না। অপরাধের সঙ্গে নিজ দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক সোহানা নাসরিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞাসহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জ শহরের নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের উদ্যোগে ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে ৭৪টি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। পাশাপাশি সদর মডেল থানায় স্থাপন করা হয়েছে সার্ভার স্টেশন। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এর আগে সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জেলা ডায়াবেটিস সমিতি আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status