ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 14 November, 2026, 5:50 PM

বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২

বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমীনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নতুন মোড় নিয়েছে। নিখোঁজের নয় দিন পর ৬০ বছর বয়সী রুহুল আমীনের খণ্ডিত মরদেহ ও মাথাসহ শরীরের বাকি অংশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তাঁর একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহিদা বেগম ও আবুল বশার। পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁকে খুঁজতে গিয়ে স্বজনরা পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাঁর কথাবার্তায় অসংগতি দেখা যায় বলে অভিযোগ করেন স্বজনরা। একপর্যায়ে শাহিদা আত্মগোপনে চলে যান।

গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে শনাক্ত করেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় পান করানো হয়। পরে বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন বলে জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status