|
রহস্যের তুরাগ: তাহসিফ সাউরির অকালমৃত্যু যে প্রশ্ন রেখে গেল?
নাজমুল হক শ্যামল; সম্পাদক, দৈনিক নতুন সময়
|
![]() রহস্যের তুরাগ: তাহসিফ সাউরির অকালমৃত্যু যে প্রশ্ন রেখে গেল? জুলাই আন্দোলনের পটপরিবর্তনের পর এবং তাঁর চাকরিচ্যুতি কিংবা বিভিন্ন ভিডিওর যোগসূত্র নিয়ে যখন নানা গুঞ্জন তৈরি হয়েছিল, তখন একজন তরুণ সাবেক সেনা কর্মকর্তার এ ধরনের রহস্যজনক মৃত্যু আমাদের রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চিত্রই যেন আবার সামনে নিয়ে এল। তাঁর বাবা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন—এটি আত্মহত্যা নয়। পরিবার একে স্পষ্ট হত্যাকাণ্ড বলে দাবি করছে। কিন্তু দুঃখজনক হলো, একটি প্রাণ ঝরে যাওয়ার পরও দায়িত্বশীল মহল থেকে যে ধরনের দ্রুত ও স্বচ্ছ জবাবদিহি আমরা আশা করি, তা এখনো অনুপস্থিত। প্রশ্ন হলো—উত্তরার বাসা থেকে বের হওয়া এক সাবেক সামরিক কর্মকর্তার মৃতদেহ কেন তুরাগ নদ থেকে উদ্ধার হবে? তিনি যাঁদের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন, কিংবা ঘটনার পেছনে কারা ছিলেন—তা উদ্ঘাটন কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়? শুধু ময়নাতদন্ত প্রতিবেদনের দোহাই দিয়ে কালক্ষেপণ করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অতীতেও আমরা দেখেছি, অনেক সংবেদনশীল মৃত্যু নিয়ে তদন্তের নামে কালক্ষেপণ করতে করতে আসল সত্য তলিয়ে যায়। তাহসিফের মৃত্যু কেবল একটি পরিবারের আলো নিভিয়ে দেয়নি; এটি দেশজুড়ে প্রতিরক্ষা কমিউনিটি এবং সাধারণ মানুষের মনে গভীর শঙ্কা ও প্রশ্নের জন্ম দিয়েছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন ও জবাবদিহিমূলক ব্যবস্থার স্বপ্ন দেখেছিলাম। অথচ সেই রাষ্ট্রে একজন তরুণের এমন রহস্যজনক মৃত্যু এবং তার বাইকটি পর্যন্ত গায়েব হয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—নাগরিকের জীবনের নিরাপত্তা আজও কতোটা ভঙ্গুর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর সময়ক্ষেপণ না করে অতি দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। এটি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় ঘটানো কোনো হত্যাকাণ্ড—তার নেপথ্য কুশীলবদের প্রকাশ্যে আনতে হবে। স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত ছাড়া এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তা কেবল বিচারহীনতার সংস্কৃতিকেই দীর্ঘায়িত করবে। তাহসিফের পরিবারের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে, আর রাষ্ট্রের দায়িত্ব সেই সত্য উন্মোচন করা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
রামগঞ্জে ৯ ওয়ার্ডে ৪ সহস্রাধিক সুবিধাবঞ্চিত অসহায় রোগীরা পেলেন ফ্রি চিকিৎসাসেবা
রহস্যের তুরাগ: তাহসিফ সাউরির অকালমৃত্যু যে প্রশ্ন রেখে গেল?
পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬
