দুই মাসের বেতন বকেয়া, কোনাবাড়ীতে সড়কে গার্মেন্টস শ্রমিকরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:06 AM
দুই মাসের বেতন বকেয়া, কোনাবাড়ীতে সড়কে গার্মেন্টস শ্রমিকরা
দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েকশ শ্রমিক। সোমবার (২১সেপ্টেম্বর২০২৬) সকাল থেকে আমবাগ এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দুই মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এতে সংসারের খরচ চালাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকেই কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা।
একপর্যায়ে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন তারা। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শ্রমিকদের অনেকে।
বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের মধ্যে বকেয়া বেতন নিয়ে ক্ষোভ অব্যাহত রয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তবে বকেয়া বেতন ও শ্রমিকদের আন্দোলনের বিষয়ে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিকরা জানিয়েছেন, দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।