শিক্ষার্থীদের সহায়তায় রামগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 10:52 AM
শিক্ষার্থীদের সহায়তায় রামগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের হেল্প ডেস্ক
রামগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে কলেজ শাখা ছাত্রদল। রোববার থেকে কলেজ প্রাঙ্গণে এ হেল্প ডেস্কের কার্যক্রম শুরু হয়।
ভর্তি-সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় সহযোগিতা দিতে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বাহার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক সাকিব পাটোয়ারীসহ কলেজ শাখার অন্যান্য নেতাকর্মী। পরে রামগঞ্জ পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না, সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবুসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা হেল্প ডেস্কে উপস্থিত হন।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বাহার হোসেন বাবু বলেন, “একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনেকেরই কলেজের নিয়ম-কানুন, ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ধারণা থাকে না। তাঁদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে জন্যই আমাদের এই হেল্প ডেস্ক। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই নতুন শিক্ষার্থীরা সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে কলেজজীবন শুরু করুক। শিক্ষার্থীদের স্বার্থে আমাদের এই সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামগঞ্জে শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক আয়োজনের নজির আগেও দেখা গেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় রামগঞ্জের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালুর খবর প্রকাশিত হয়েছিল।