|
গৌরীপুরে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পে হরিলুটের অভিযোগ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() গৌরীপুরে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পে হরিলুটের অভিযোগ বিভিন্ন প্রকল্পে বরাদ্দের অর্থ নয়ছয় ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই বিল উত্তোলন, নামমাত্র কাজ করে পুরো বরাদ্দের টাকা তুলে নেওয়া এবং কোনো কোনো প্রকল্পে কাজ না করার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাল উদ্দিন প্রকল্প কমিটির লোকদের নিয়ে বরাদ্দকৃত অর্থ লুপাট করেছেন বলে উন্নয়ন বঞ্চিত হয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট এলাকার লোকজন। স্থানীয়দের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া হলেও অনেক প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। কোথাও আংশিক কাজ করে পুরো বিল তুলে নেওয়া হয়েছে, আবার কোথাও প্রকল্পের অস্তিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, রাঙামাটি বাজার থেকে কাঁদির ঘাট বাজার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হলেও প্রকল্পের কাজ বাস্তবায়নে অনিয়ম হয়েছে। একইভাবে কয়েকটি সড়ক, গাইডওয়াল, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো নির্মাণকাজেও বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় না করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্পের কাজ বাস্তবে কতটুকু হয়েছে, বরাদ্দের অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে এবং বিল উত্তোলনের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তা তদন্ত করে দেখা প্রয়োজন মনে করছে প্রকল্প সংশ্লিষ্ট এলাকাবাসী। তাদের অভিযোগ, নিয়মিত তদারকি ও সরেজমিন পরিদর্শন যথাযথভাবে না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এদিকে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন বর্তমানে দায়িত্বে রয়েছেন বলে সরকারি ওয়েবসাইটেও তথ্য রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পিআইও মোহাম্মদ আলাল উদ্দিনের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, গৌরীপুরে এর আগেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
