ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
গলাচিপায় ঘেরের পানি নিষ্কাসনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Monday, 27 July, 2026, 9:16 PM

গলাচিপায় ঘেরের পানি নিষ্কাসনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য

গলাচিপায় ঘেরের পানি নিষ্কাসনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য

পটুয়াখালীর গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও চলাচলের সড়ক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার চরকাজলের ৫ নম্বর ওয়ার্ডের ১৩৪ নং ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরে ছবি ও ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সোমবার নজরে আসে। বিদ্যালয়ের ভবন ঘেঁষে মাটি কাটায় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায়, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। তবে পাইপ বন্ধ করে মাছের ঘের করায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঘেরের পানি সরাতে ইউপি সদস্যের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ কেটে পানি বের করে দেওয়া হয়। তাদের অভিযোগ, মাঠ কাটার সময় স্থানীয়রা বাধা দিলেও ইউপি সদস্য তা উপেক্ষা করেন এবং হুমকি-ধমকি দেন।

স্থানীয় ফারুক শরীফ বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে মাঠ কাটা হয়েছে। তবে বিদ্যালয়ের মাঠ না কেটেও অন্য পথ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যেত। এ বিষয়ে পানি নিষ্কাশনের জন্য ১০-১৫ দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল বলেও জানান তিনি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তুহিন বলে, “মাঠ কেটে ফেলায় আমরা খেলাধুলা করতে পারছি না। ভবনের পাশ ঘেঁষে মাটি কাটায় চলাচলেও সমস্যা হচ্ছে।”

এদিকে স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, যে ঘেরের পানি সরানো হয়েছে, ওই ঘেরের জমিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটা অংশ রয়েছে এবং সেখান থেকে তিনি লভ্যাংশ পান।  

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব মুঠোফোনে জানান, বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাটের চেষ্টা করছেন। এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

অভিযুক্ত ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রিপোর্ট লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।

গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ছগির বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রধান শিক্ষকসহ কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “বিদ্যালয়ের মাঠ কাটার ঘটনায় জড়িতদের গলাচিপা থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status