|
তুষারধারায় মাদক, চুরি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() তুষারধারায় মাদক, চুরি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, তুষারধারার সেক্টর-০১ থেকে সেক্টর-১১ পর্যন্ত এলাকায় গভর্নমেন্ট রেজিস্টার্ড সিকিউরিটি কোম্পানির মাধ্যমে “সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম” চালু করা হবে। এর মাধ্যমে রাত্রিকালীন নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়। সভায় তুষারধারা কল্যাণ সমিতি, তুষারধারা পঞ্চায়েত কমিটি ও তুষারধারা যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন সেক্টরের স্থায়ী বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের প্রতি জোরালো সমর্থন জানান এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া সভায় প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলে শৃঙ্খলা আনা, যানজট নিরসন এবং সড়ক দখলমুক্ত রাখার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাফায়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুষারধারা পঞ্চায়েত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহাম্মদ, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক সরকার মাসুদ, যুব ফোরামের সভাপতি কাজী সাইফুর রহমান পাভেল এবং কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন তুষারধারা কল্যাণ সমিতির সভাপতি হাজী ইলিয়াস খান। সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি জাকারিয়া শরীফ ও যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান। এছাড়া কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি কাঞ্চন চৌধুরী সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গঠনমূলক বক্তব্য প্রদান করেন। সভায় কদমতলী থানা প্রশাসন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে সকল সামাজিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করে। পাশাপাশি প্লট মালিকদের নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
