ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
বকেয়া বেতনের দাবিতে যশোর হাইটেক পার্ক-এ চালডালের অফিসে ভাঙচুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2026, 2:04 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 March, 2026, 2:20 PM

বকেয়া বেতনের দাবিতে যশোর হাইটেক পার্ক-এ চালডালের অফিসে ভাঙচুর

বকেয়া বেতনের দাবিতে যশোর হাইটেক পার্ক-এ চালডালের অফিসে ভাঙচুর

বকেয়া বেতনের দাবিতে যশোর হাইটেক পার্কে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান চালডালের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে একদল ক্ষুব্ধ কর্মী অফিসে ঢুকে আসবাবপত্র, কাচের পার্টিশন ও বিভিন্ন অফিস সরঞ্জাম ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আকস্মিক এ ঘটনায় পুরো পার্ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, যশোর আইটি পার্কের ১২ ও ১৪ তলায় চালডালের একটি বড় কল সেন্টার পরিচালিত হয়ে আসছে। এখানে প্রায় ৬০০ কর্মী বিভিন্ন শিফটে কাজ করেন। কর্মীদের অভিযোগ, গত চার মাস ধরে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। কেউ কেউ এক-দুই মাসের আংশিক বেতন পেলেও অধিকাংশ কর্মীর কয়েক মাসের বেতন পুরোপুরি বকেয়া রয়েছে। এতে করে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।

একাধিক কর্মী জানান, বারবার কর্তৃপক্ষের কাছে বকেয়া পরিশোধের দাবি জানানো হলেও নির্দিষ্ট কোনো সময়সূচি দেওয়া হয়নি। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ ছিল কর্তৃপক্ষের বক্তব্য। বেতন না পাওয়ায় অনেকেই বাসাভাড়া, সন্তানের স্কুল ফি ও দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত কয়েকদিন ধরে কর্মীরা কর্মবিরতি পালন করছিলেন। তারা অফিসে উপস্থিত থাকলেও কল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখেন বলে জানা গেছে।

এ বিষয়ে চালডালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত এই কল সেন্টারটি স্থানীয়ভাবে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল। দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status