পূবাইলে সিটি কর্পোরেশনের রাস্তা দখলের পায়তারা, এলাকায় উত্তেজনা
ফাহিম ফরহাদ
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:28 PM
পূবাইলে সিটি কর্পোরেশনের রাস্তা দখলের পায়তারা, এলাকায় উত্তেজনা
গাজীপুরের পূবাইল এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা দখলের পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আব্দুস ছাত্তার। ঘটনাটি ঘটেছে পূবাইলের মেঘডুবী পূর্ব পাড়া এলাকায়।
মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) বিকেলে এলাকাবাসী হঠাৎ দেখতে পান, আব্দুস ছাত্তার তার বাড়ির সীমানা ঘেঁষে সিটি কর্পোরেশনের রাস্তার পাশে আরেকটি নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। স্থানীয়দের অভিযোগ, এটি মূল সড়কের অংশ বিশেষ দখলের কৌশল হতে পারে।
এ সময় এলাকাবাসী নতুন রাস্তা নির্মাণে বাধা দিলে তাদের সঙ্গে আব্দুস ছাত্তারের বাকবিতণ্ডা বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পুলিশ উপস্থিত থাকলেও রাস্তা নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। তারা দ্রুত সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস ছাত্তারের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতিকুর রহমানের।