|
ক্ষমতার মোহে জামায়াত বিদেশি শক্তির সঙ্গে আঁতাতে লিপ্ত রামগঞ্জে চরমোনাই পীর
নতুন সময় প্রতিনিধি
|
![]() ক্ষমতার মোহে জামায়াত বিদেশি শক্তির সঙ্গে আঁতাতে লিপ্ত রামগঞ্জে চরমোনাই পীর রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, রাজনীতিতে কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক থাকলে জনগণ তা বুঝতে দেরি করে না। ক্ষমতার মোহে পড়ে যারা বিদেশি প্রভাবের আশ্রয় নেয়, সময়ের ব্যবধানে তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়। তিনি আরও বলেন, অতীতে বিএনপি-জামায়াত জোট রাষ্ট্রক্ষমতায় থেকেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। যখন তাদের হাতে ক্ষমতা ছিল, তখন যদি শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন নিশ্চিত না হয়, তবে আজ নতুন করে দেওয়া একই ধরনের আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য—তা ভেবে দেখার সময় এসেছে। দেশের মানুষ এখন আর বিভ্রান্ত হওয়ার মতো অবস্থায় নেই। দেশের দীর্ঘ রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে সৈয়দ রেজাউল করিম বলেন, গত ৫৪ বছরে রাষ্ট্র পরিচালিত হয়েছে আদর্শ ও নীতির অভাবে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একটি নতুন পথচলার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, যেখানে ইসলামি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখা হয়েছিল। তবে নেতৃত্ব ও নীতিগত বিভাজনের কারণে সেই সম্ভাবনা আর বাস্তব রূপ পায়নি। জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি মহল ইসলামী আদর্শকে পাশ কাটিয়ে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই ইনসাফ প্রতিষ্ঠার কথা বলছে। অথচ এই ব্যবস্থায় দীর্ঘদিন দেশ পরিচালিত হলেও প্রকৃত ন্যায়বিচারের কোনো দৃষ্টান্ত স্থাপন হয়নি—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। ভোটারদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, দেশ ও ইসলামের কল্যাণে যারা আন্তরিক, তারা ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য। হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করার এখনই উপযুক্ত সময়। জনসভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, দাঈ হাবীবুর রহমান মিসবাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
