|
কুমিল্লা-১ আসনে জাসদ প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমনের প্রার্থিতা বৈধ ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
|
![]() কুমিল্লা-১ আসনে জাসদ প্রার্থী বড়ুয়া মনোজিত ধীমনের প্রার্থিতা বৈধ ঘোষণা শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। কমিশনের সিদ্ধান্তে রিটার্নিং কর্মকর্তার বাতিলাদেশ প্রত্যাহার করা হয়। প্রার্থিতা বৈধ ঘোষণার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বড়ুয়া মনোজিত ধীমন। তিনি বলেন, “নির্বাচন কমিশনে আমাদের করা আপিল মঞ্জুর হয়েছে। কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।” এ সময় তিনি প্রার্থিতা ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন বড়ুয়া মনোজিত ধীমন। হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে গত ২ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তাঁর পক্ষে রায় দেয়। এ সিদ্ধান্তের মাধ্যমে কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জাসদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
