টঙ্গীতে হাদি হত্যার বিচার দাবিতে পথে মানববন্ধন ও বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 January, 2026, 1:04 PM
টঙ্গীতে হাদি হত্যার বিচার দাবিতে পথে মানববন্ধন ও বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে টঙ্গী টিঅ্যান্ডটি বাজার এলাকায় টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামী, এনসিপি এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম, থানা যুব সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দীপসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনার এক মাস পার হলেও এখনো পর্যন্ত প্রকৃত আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। প্রশাসনের এই নিরবতা দেশবাসীকে গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা অবিলম্বে হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।