গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাকর বড়পানি এলাকা থেকে বনশ্রী পরিবহনের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশের সদস্যরা। নিহত ব্যক্তি হলেন--- মো. শরিফ মিয়া (৩০)। নিহত শরিফ মিয়া বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (৯জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর–বরমী আঞ্চলিক সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর পাঠানো হয় সিআইডি ক্রাইম সিনের সদ্যদেরও। দুপুর দুইটার দিকে সিআইডি সদস্যরা উপস্থিত হয়ে আলমত সংগ্রহ করার পর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শরিফের স্ত্রী আলো বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোন পেয়ে শরিফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সারারাত তিনি বাড়িতে ফেরেননি। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর মরদেহ শনাক্ত করেন।
শরিফের মামা জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয় একজন। পরে কাছে গিয়ে তারা শরিফের মরদেহ শনাক্ত করেন এবং শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, শরিফ তার গাড়িতে কন্টাক্টরি হিসেবে কাজ করতেন। বুধবার রাতে তিনি গাড়ি থেকে নামেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তিনি টঙ্গী থেকে দ্রুত ঘটনাস্থলে আসেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, মরদেহ পরে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন সম্ভব হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।