রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী, পটুয়াখালী
প্রকাশ: Saturday, 10 January, 2026, 12:51 PM
রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ির চাপায় সুরাইয়া (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া ওই গ্রামের বাসিন্দা ইলিয়াস হাওলাদারের একমাত্র কন্যাসন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সুরাইয়া নিজ বাড়ির পাশের পুকুরের পাড়ে বসে খেলাধুলা করছিল। এ সময় পাশের কৃষিজমিতে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা গাড়ি ঘোরানোর সময় চালকের নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পুকুরপাড়ের দিকে উঠে যায়। এতে মাহিন্দ্রার নিচে চাপা পড়ে সুরাইয়া গুরুতর আহত হয়।
ঘটনাস্থলেই শিশুটি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
একমাত্র শিশু সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাজুড়ে চলছে শোক ও মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদা জানান, মাহিন্দ্রা গাড়িটির নিয়মিত চালক রনি গাজী হলেও দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার সহযোগী জিসান মল্লিক। দুর্ঘটনার পর স্থানীয় জনতা চালক ও তার সহযোগীকে আটক করে রাখে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।