ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 10 January, 2026, 12:17 PM

ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা

ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪–এর নিকটবর্তী স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় আধাঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষের ছয়জন করে মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪–এর ১এস থেকে ১১এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে ভারতের অভ্যন্তরে কোচবিহারের সাহেবগঞ্জ থানাধীন করলা এলাকায় কুর্শাহাট টু দিনহাটা সংযোগকারী একটি প্রধান সড়ক রয়েছে। সড়কটি বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি কোথাও ৫০–৬০ গজ, কোথাও ৭০ গজ এবং কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত।

স্থানীয়দের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে ওই পুরাতন সড়কের পূর্ব পাশে বিএসএফের উপস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ নতুন করে একটি পাকা সড়ক নির্মাণ শুরু করে। রাতের আঁধারে কাজ চালিয়ে ইতোমধ্যে প্রায় পৌনে এক কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। এ সময় বিজিবির পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও বিএসএফ কাজ বন্ধ করেনি।

খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান বলেন,গত কয়েক দিন ধরে বিএসএফ সদস্যরা রাতের আঁধারে পুরাতন সড়কের পাশেই নতুন পাকা সড়ক নির্মাণ করে যাচ্ছেন। বিজিবি কয়েক দফা কাজ বন্ধের জন্য বললেও তারা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়।

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪এর কাছে দুই দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারাও দূর থেকে বৈঠকটি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে কে বিষয়টি নিশ্চিত করে বলেন,বিএসএফের সড়ক নির্মাণ সংক্রান্ত বিষয়টি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে।

তিনি আরও জানান, বর্তমানে পুরো সীমান্ত পরিস্থিতি বিজিবির নিবিড় নজরদারিতে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status