গাজীপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গুলিতে প্রাণে বাঁচলেন এনসিপি সদস্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 January, 2026, 4:35 PM
গাজীপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গুলিতে প্রাণে বাঁচলেন এনসিপি সদস্য
গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গুলির মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ভূক্তভূগী'র।
ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। তিনি ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর জুগিতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। এক পর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষা করার কথা বলে একজন সেটিতে উঠে পড়ে। ঠিক তখনই অপরজন হঠাৎ করে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। তবে গুলিটি তার শরীরে না লাগায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরই মধ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান শুরু করেছে ইতোমধ্যে।”
ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, “মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অপরজন আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সৌভাগ্যক্রমে গুলিগুলো গাঁয়ে লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ধরনের ছিনতাই ও সশস্ত্র অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।