ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 12 October, 2025, 4:09 PM

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে ঢাকা-ময়মনসিংহ রুটে সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ফলে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প পথে গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই সকালে বাসস্ট্যান্ডে এসে ক্ষোভ প্রকাশ করেন। যারা আগেই টিকিট কেটেছিলেন, তারাও বিকল্প যানবাহনের সন্ধানে ভোগান্তিতে পড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঢাকাগামী একটি বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে যাত্রী ও গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রায়হান নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে একাধিকবার দুঃখপ্রকাশ করলেও শ্রমিক ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেদিন রাতেই ময়মনসিংহের মাসকান্দা এলাকার ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে।

এরপর শনিবার ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সম্মিলিতভাবে ধর্মঘটের ঘোষণা দেয়।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির। এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বিষয়টি জটিল করছে। তারা প্রায়ই অনৈতিক সুবিধা নিতে এমন পরিস্থিতি সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “গতকাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্তে চলাচল শুরুর কথা ছিল। কিন্তু ঢাকার নেতারা তা মানতে রাজি হননি। আটক শ্রমিকের মুক্তি ও নিষিদ্ধ বাসের চলাচল অনুমতি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের মতে, ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় একদিকে যেমন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status