ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে লটারির ফাঁদে সাধারণ মানুষ বাণিজ্য ও কুটির শিল্প মেলায় নেই কোন অনুমতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 October, 2025, 3:22 PM

গাজীপুরে লটারির ফাঁদে সাধারণ মানুষ বাণিজ্য ও কুটির শিল্প মেলায় নেই কোন অনুমতি

গাজীপুরে লটারির ফাঁদে সাধারণ মানুষ বাণিজ্য ও কুটির শিল্প মেলায় নেই কোন অনুমতি

গাজীপুরের শিমুলতলী এলাকায় বাণিজ্য মেলার আড়ালে চলছে লটারির প্রতারণা। প্রবেশমূল্যের নামে প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে টিকিট বাবদ নেওয়া হচ্ছে ২০ টাকা। সেই টিকিট (লটারির কুপন) দিয়ে বড় পুরস্কারের লোভ দেখানো হলেও শেষ পর্যন্ত কেউই পাচ্ছেন না। ফলে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাণিজ্য ও কুটির শিল্প মেলা নাম দেওয়া হলেও এটির মূল উদ্দেশ্য লটারি। প্রতিদিন শত শত অটোরিকশা দিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় লাখ লাখ লটারি বিক্রি করা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। লটারি যারা পাচ্ছেন তারা মেলার কর্তৃপক্ষের সাজানো লোকজন। দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষ স্বল্প টাকার বিনিময়ে ভাগ্য ফেরানোর আশায় কুপন কিনলেও খালি হাতে বাড়িতে ফিরতে হচ্ছে তাদের।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বসানো হলেও সেটি ‘লটারি’ নামে পরিচিতি পেয়েছে। র‌্যাফেল ড্রয়ের নামে মোটরসাইকেল, স্বর্ণ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ ও ডিনারসেটসহ নানা রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে বিক্রি হচ্ছে বিপুলসংখ্যক টিকিট। আর এসব টিকিট বিক্রির জন্য টার্গেট করা হয়েছে সাধারণ মানুষ। রিকশাচালক ও দিনমজুর শ্রেণির লোকজন অনেকে র‌্যাফেল ড্রয়ে আসক্ত হয়ে পড়ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ আগস্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে একটি অবহিতকরণ চিঠি বিতরণ করা হয়। চিঠির বিষয়ে উল্লেখ করা হয়েছে- বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত ফাঁকা স্থানে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন প্রসঙ্গে। বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী বাদল মিয়া ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলার আয়োজন করেন।

এ মেলার বিষয়ে আপত্তি জানিয়ে ডুয়েট সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে গত ২১ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। আর্মি ফার্মা মাঠে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীদের ভোগান্তি প্রসঙ্গে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। আবেদনে কয়েকটি সমস্যার কথা তুলে ধরে চার দফা দাবি উপস্থাপন করা হয়।

স্থানীয়রা জানান, মহানগরীর শিমুলতলী এলাকায় সেনানিবাসের কাছে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির জন্য নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়। মেলাটি মূলত নাম কাওয়াস্তে হলেও এর আড়ালে রয়েছে লটারি বাণিজ্য।

গাজীপুর জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মেলা পরিপত্র অনুযায়ী জেলা ও মহানগর এলাকায় এক মাসের জন্য মেলার অনুমতি দিতে পারেন জেলা প্রশাসক। কিন্তু এ মেলা আয়োজনের জন্য অনুমতির চেয়ে জেলা প্রশাসক বরাবর কোনো আবেদনই করেনি কর্তৃপক্ষ। তারা একটি অবহিতকরণ চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর অননুমোদিত মেলা বন্ধ করার জন্য আমরা মহানগর পুলিশকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। ওই মেলার বিষয়ে পার্শ্ববর্তী ডুয়েটের শিক্ষার্থীরাও আপত্তি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, জেলা প্রশাসকের কাছে কেউ কোনো আবেদন করেনি, তাই মেলা আয়োজনের অনুমতি দেওয়ার প্রশ্ন অবান্তর।

এ বিষয়ে মেলা আয়োজকদের একজন মাহমুদ দাবি করেন, আমরা জেলা প্রশাসক ও পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছি। তবে তারা কোন অনুমতি পত্র দেখাতে পারেননি।

মেলার আরেক আয়োজক ববি দস্তগির কাছে মেলার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি গাড়ি চালাচ্ছি পরে কথা বলি।
পরে তাকে একাধিকবার কল দিলেও তিনি আর ফোন রিসিভড করেননি।

গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, মেলার অনুমতির জন্য আমাদের কাছে কেউ আবেদন করেনি। তাই আমরা কোনো অনুমতি দেইনি।

প্রসংঙ্গত, সম্প্রতি মেলায় একটি নাগরদোলা হেলে পড়ে কয়েকজন আহতও হয়েছেন। তারপরও অবৈধ এ মেলা বন্ধের বিষয়ে দৃষ্টিপাতে অনিহা বলছেন স্থানীয় সচেতন মহল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status