কোস্টারিকার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 February, 2019, 5:46 PM
কোস্টারিকার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
শান্তিতে নোবেল বিজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অন্তত পাঁচ নারী।
মি টু আন্দোলনে লাতিন আমেরিকায় এত শীর্ষ পর্যায়ের কোনো রাজনীতিকের বিরুদ্ধে অভিযোগের ঘটনা এটাই প্রথম।
বিশ্বজুড়ে নারীদের কর্মক্ষেত্রে যৌন অসদাচরণের শিকার হওয়া নিয়ে মুখ খোলার যে আন্দোলন শুরু হয়েছে তা মি টু নামে পরিচিত। কোস্টারিকার দুইবারের প্রেসিডেন্ট অস্কার আরিয়াস লাতিন আমেরিকার সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ১৯৮৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। বৃহস্পতিবার এ খবর দিয়েছে রয়টার্স।
আলেক্সান্দ্রা আর্চ সর্ব প্রথম অস্কার আরিয়াসের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়া নিয়ে মুখ খোলেন। যদিও আরিয়াস তার আইনজীবীর মাধ্যমে তার বিরুদ্ধে আর্চের আনা যৌন অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে আরিয়াস কোনো মন্তব্য করতে চান না বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান তার আইনজীবী এরিক রামোস।
তবে আরিয়াস অভিযোগ অস্বীকার করলেও তার মতো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আর্চের মুখ খোলার সাহস অন্যদেরও উৎসাহ দিয়েছে। আর্চের পর আরও অন্তত চারজন নারী আরিয়াসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন।