|
তাড়াশে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারি হয়। ডিলারশিপপ্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ওএমএস-এর ৬টি এবং খাদ্যবান্ধব কর্মসূচি ১৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ১৩২ জন আবেদন করেছিলেন। তবে আবেদনকারীদের পক্ষে বিভিন্ন দলের নেতাদের তদবিরের কারণে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেন ইউএনও। পরে তার সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে মোট ২০ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে। ইউএনওর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। ডিলারশিপপ্রত্যাশীরা বলেন, উপজেলা বা ইউনিয়ন পর্যায় যেকোনো ধরনের সরকারি ডিলার নিয়োগ কার্যক্রম শুরু হলেই তদবির করে থাকেন ক্ষমতাসীনরা। আবার অনেক সময় লেনদেনও হয়। তবে এবার যেভাবে ডিলার নিয়োগ দিয়েছে, তাতে কোনো বিতর্ক নেই। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা ধরনের কথা ওঠে। তাই ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিলিয়া জান্নাত, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো ইকবাল হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
