ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
তপ্ত রোদে ওষ্ঠাগত জীব ও প্রকৃতি, পেতে চায় স্বস্তির নিঃশ্বাস
দীপক সরকার, বগুড়া
প্রকাশ: Sunday, 11 May, 2025, 7:16 PM

তপ্ত রোদে ওষ্ঠাগত জীব ও প্রকৃতি, পেতে চায় স্বস্তির নিঃশ্বাস

তপ্ত রোদে ওষ্ঠাগত জীব ও প্রকৃতি, পেতে চায় স্বস্তির নিঃশ্বাস

মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ ও খড়ায় পুড়ছে বগুড়াসহ গোটা দেশ। তপ্ত রোদের প্রচন্ড গরমে হাঁসফাস করছে প্রাণ ও প্রকৃতি। মৌসুমের বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সর্বত্রে ভ্যাপসা গরম বিরাজ করছে। এতে করে মানুষ দাঁড়িয়ে থাকলেও খুব ঘামতে দেখা যাচ্ছে। রোদের তীব্রতা বেশি হওয়ায় খুব অল্পতেই মানুষ হয়রান হয়ে যাচ্ছে। ফলে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাদের আয়-রোজগার বন্ধের উপক্রম। কাজের জন্য ঘরের বাইরে যেতে পারছেন না। আর একান্তই যাদের বাইরে বের হতে হচ্ছে তারা বেশিক্ষণ কাজ করতে পারছেন না। গত দুই দিন হলো দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রার পারদ উঠেছে ৩৮ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত। তীব্র তাপপ্রবাহে শরীরের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা কমলেও মিলছে না স্বস্তি। মানুষ ও প্রাণিকুল স্বস্তির নিঃশ্বাসের খোঁজে ছুটে বেড়াচ্ছে। এই অস্বাভাবিক তাপপ্রবাহ শুধু জনসাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এটি প্রাণিকূল, কৃষি, শিক্ষা ও অর্থনীতির ওপর প্রভাব ফেলছে।

বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানায় রবিবার (১১ মে) বগুড়ায় মৌসুমের বিকাল ৪টা পর্যন্ত তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। গতকাল শনিবার ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিনেও দেখা মিলবে না কাঙ্খিত বৃষ্টির। সবমিলিয়ে  প্রচন্ড গরম আর তীব্র তাপদাহ সহ্য করতে হবে বগুড়াসহ গোটা দেশকে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর মো. শাহিদুজ্জামান সরকার।

এই তাপপ্রবাহ সোমবারও অব্যাহত থাকবে। এমন পরিস্থিতিতে সচেতন থাকতে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুইদিন হলো দেশের বেশিরভাগ এলাকার ওপরদিয়ে বয়ে যাচ্ছে মাঝারী ও তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার সর্বোচ্চ পারদ উঠেছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। বগুড়ার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ১৩ মে’র আগে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও সতর্ক করেছেন সূত্রটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অন্তত টানা ৫ দিন কোনো এলাকায় গড় তাপমাত্রার চেয়ে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি অব্যাহত থাকলে ঐ ঘটনাকে দাবদাহ বলা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু দাবদাহ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি দাবদাহ এবং ৪০ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে তীব্র দাবদাহ হিসেবে বিবেচনা করে। ধারণা করা হচ্ছে, আগামীতে তাপমাত্রা ছাড়াতে পারে ৪৪ ডিগ্রী সেলসিয়াস।

গত কয়েকদিন হলো ৪০ ছুঁই ছুঁই করছে তাপমাত্রার পারদ। সূর্যদহনে যেন আগুন ঢেলে দিচ্ছে প্রকৃতিতে। রোদ নয় যেন আগুন নামছে আকাশ থেকে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত। টানা দাবদাহে চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে।  কিন্তু কাঙ্খিত বৃষ্টির দেখা মিলছে না।

এদিকে প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েছে বগুড়ার সাধারণ মানুষের জনজীবন। শ্রমজীবী মানুষ রয়েছে চরম ভোগান্তিতে। প্রখর রোদ উপেক্ষা করে যাত্রী বয়ে নিয়ে যাচ্ছে রিকশাচালকরা। সূর্যের তাপ এতই বেশি যে, খোলা আকাশের নিচে হাঁটলেও গরম বাতাস লাগছে চোখে-মুখে। যাত্রাপথে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই। স্বস্তি পেতে শ্রমজীবী মানুষ রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ হাতেমুখে পানি দিয়ে ঠাণ্ডা হওয়ার চেষ্টা করছেন। আর শিশু-কিশোররা গরম থেকে রেহাই পেতে মাতছে জলকেলিতে।
ইরি বোরো মৌসুমে শ্রমিকরা ধান কাটার কাজ করতে পারছেন না। এরই মধ্যে অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। নলকূপ ও সেচযন্ত্রে পানি উঠছে না। অন্যদিকে গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। অতিরিক্ত তাপপ্রবাহে ডাব,  তরমুজ, দইয়ের দাহিদা বেড়েছে। সেই সাথে দাম বেড়েছে এই পণ্যগুলোর। এদিকে দীর্ঘস্থায়ী বৃষ্টিহীনতায় কৃষি ও মাছ চাষ দু:চিন্তায় পড়েছেন  চাষিরা। এছাড়া গরমে ছড়িয়ে পড়ছে নানা রোগব্যাধি।

টানা তীব্র তাপপ্রবাহে গরম ও জলীয়বাষ্পের আধিক্যের কারণে বৃদ্ধি পাওয়া অস্বস্তিতে আশঙ্কা বেড়ে গেছে হিট স্ট্রোকের। এ অবস্থায় পর্যাপ্ত পানি পান করা, রোদ এড়িয়ে চলা, সুতি কাপড় পরিধান করা, বিশেষ করে  শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status